Tuesday, August 4

আজ জুলাই গণঅভ্যুত্থান দিবস

|| নিজস্ব প্রতিবেদক ||

‘জুলাই চেতনায় গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বুধবার (৫ আগস্ট) সারাদেশে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’। দিবসটি পালনে রাজধানীসহ দেশজুড়ে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

২০২৪ সালের এই দিনে ছাত্র-জনতার অভূতপূর্ব ঐক্য, সর্বোচ্চ আত্মত্যাগ ও তীব্র প্রতিরোধের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এর মাধ্যমে অবসান ঘটে প্রায় ১৬ বছরের দীর্ঘ স্বৈরাচারী শাসনের। তবে এ বিজয় অর্জনে সহস্রাধিক শহীদ, হাজার হাজার আহত ও পঙ্গুত্ববরণকারী এবং অগুনতি কারানির্যাতিত মানুষের অবর্ণনীয় ত্যাগ রয়েছে।

দিবসটি উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরস্থ বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বেলা ১২টায় জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভার আয়োজন করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান এমপির সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এবং মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। এর আগে সকাল ৬টা ০১ মিনিটে শাহবাগস্থ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন সংশ্লিষ্ট মন্ত্রী ও উর্ধ্বতন কর্মকর্তারা।

একই সাথে দেশের সকল জেলা, উপজেলা, সিটি করপোরেশন, পৌরসভা এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হচ্ছে। দেশের প্রতিটি ধর্মীয় উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা, এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আলোচনা সভা, রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। শিশু পরিবার, বৃদ্ধাশ্রম, হাসপাতাল ও কারাগারে পরিবেশন করা হবে বিশেষ প্রীতিভোজ।

দিবসটি উপলক্ষে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি বিনোদন কেন্দ্রগুলো শিশুদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে এবং নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও ভবনে করা হয়েছে আলোকসজ্জা।

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইতোমধ্যে ছয়টি মামলার রায় ঘোষণা করেছে। সেখানে ১৬ জনের মৃত্যুদণ্ড ও ১১ জনের যাবজ্জীবন কারাদণ্ডসহ বিভিন্ন মেয়াদে আসামিদের সাজা দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *