বৃহস্পতিবার, জুন ১৮

আগামীর ইসলামী বিপ্লবকে সফল করার জন্য দরকার একদল প্রশিক্ষিত কর্মী: অধ্যাপক এরশাদ উল্যাহ ভূঁইয়া

|| নিজস্ব প্রতিবেদক ||

এ দেশে একটি পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব সাধনের জন্য তৃণমূল পর্যায় থেকে প্রতিটি নেতা-কর্মীকে নৈতিক ও আদর্শিকভাবে গড়ে উঠতে হবে। প্রচলিত জরাজীর্ণ ব্যবস্থার পরিবর্তন ঘটিয়ে বৈপ্লবিক ও সময়োপযোগী কর্মসূচির মাধ্যমে সমাজে ন্যায় প্রতিষ্ঠা করা আজ সময়ের দাবি। আত্মশুদ্ধি অর্জন ও দ্বীনি শিক্ষার সঠিক অনুশীলনের মাধ্যমেই কেবল আমরা একটি সুখী, সমৃদ্ধ ও দুর্নীতিমুক্ত আদর্শ রাষ্ট্র বিনির্মাণ করতে পারি। তাই আমাদের প্রতিটি কর্মীকে সমাজ সংস্কারের এই মহান লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

ইসলামী ঐক্য আন্দোলন ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর থানা শাখার উদ্যোগে তৃণমূল পর্যায়ের নেতা-কর্মী ও সুধীদের নিয়ে আয়োজিত এক বিশেষ ‘তারবিয়াত ক্যাম্প’ (প্রশিক্ষণ)-এ প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মাদ এরশাদ উল্যাহ ভূঁইয়া এসব কথা বলেন।

বুধবার (১৭ জুন) বাদ এশা থেকে কোটচাঁদপুরের একটি স্থানীয় মসজিদে এই শিক্ষা ও আত্মশুদ্ধিমূলক বৈপ্লবিক কর্মসূচি শুরু হয়, যা একটানা বৃহস্পতিবার ফজর পর্যন্ত চলে।

রাতব্যাপী অনুষ্ঠিত এই তারবিয়াত ক্যাম্পে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা মুহাম্মাদ রুহুল আমিন এবং সেক্রেটারি জেনারেল জনাব মোস্তফা তারেকুল হাসান।

বিশেষ অতিথির বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, সমাজ ও রাষ্ট্রের সকল স্তরে নৈতিকতার চরম অবক্ষয় চলছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য যোগ্য ও সৎ নেতৃত্বের কোনো বিকল্প নেই। তারবিয়াত ক্যাম্পের মাধ্যমে কর্মীরা যে দ্বীনি ও সাংগঠনিক শিক্ষা লাভ করেছেন, তা বাস্তব জীবনে প্রয়োগ করে সমাজ পরিবর্তনের আন্দোলনকে আরও বেগবান করতে হবে।

ক্যাম্পে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সংগঠনের ঝিনাইদহ জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ফরিদ উদ্দিন সামদানী, কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মো. আনোয়ার হোসেনসহ জেলা ও থানা শাখার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

ইসলামী আদর্শের আলোকে জীবন গঠন ও সমাজ সংস্কারের শপথ গ্রহণের মধ্য দিয়ে বৃহস্পতিবার ফজর নামাজের পর এই বিশেষ তারবিয়াত ক্যাম্পের সমাপ্তি ঘটে। ব্যতিক্রমি ও শিক্ষণীয় এই কর্মসূচিতে স্থানীয় সকল স্তরের নেতাকর্মী ও সুধী সমাজের উপস্থিতি আয়োজনটিকে অত্যন্ত প্রাণবন্ত করে তোলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *