বুধবার, এপ্রিল ২৯

অর্থনীতি সচল করতে ব্যবসায়ীদের মতামতে গুরুত্ব দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী

|| নিজস্ব প্রতিবেদক (ঢাকা) ||

দেশের অর্থনীতিকে গতিশীল ও চাঙা করতে ব্যবসায়ী সমাজের সুনির্দিষ্ট মতামত ও প্রস্তাবনাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। আগামী বাজেটে বেসরকারি খাতের প্রয়োজনীয় সংস্কার ও দাবিগুলো অন্তর্ভুক্ত করার লক্ষ্য নিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বুধবার (২৯ এপ্রিল) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই আয়োজিত ‘জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পরামর্শ কমিটির ৪৬তম সভায়’ তিনি এসব কথা বলেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বাণিজ্যমন্ত্রী বলেন, বর্তমানে জ্বালানি সংকট, উচ্চ সুদহার এবং নতুন বিনিয়োগে স্থবিরতা আমাদের সামনে বড় চ্যালেঞ্জ। এমতাবস্থায় শুধু নতুন বিনিয়োগই নয়, বরং বিদ্যমান শিল্প ও ব্যবসা-বাণিজ্যকে টিকিয়ে রাখা সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। প্রতিকূল পরিস্থিতিতে দায়িত্ব নেওয়া এই নতুন সরকার মনে করে, দেশের সামগ্রিক উন্নয়নের স্বার্থে অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি।

দেশের বর্তমান কর ব্যবস্থা সম্পর্কে মন্ত্রী বলেন, ‘কর-জিডিপি’ অনুপাত বৃদ্ধি করা ছাড়া দেশকে সামনে এগিয়ে নেওয়া সম্ভব নয়। রাষ্ট্রের উন্নয়ন ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবসায়ীসহ সকল নাগরিককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একইসঙ্গে ব্যাংক ব্যবস্থাপনা এবং লজিস্টিক খাতের সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

দেশের অর্থনৈতিক ব্যবস্থাপনা বর্তমানে সঠিক ও দক্ষ হাতে রয়েছে উল্লেখ করে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, অর্থমন্ত্রী অত্যন্ত ব্যবসাবান্ধব একজন মানুষ। তার নেতৃত্বে দ্রুতই দেশের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন দৃশ্যমান হবে। বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলায় তিনি ব্যবসায়ী নেতাদের কাছ থেকে সুনির্দিষ্ট ও বাস্তবসম্মত প্রস্তাবনা আহ্বান করেন।

এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খানের সভাপতিত্বে এবং এফবিসিসিআই প্রশাসক আব্দুর রহিম খানের পরিচালনায় উক্ত সভায় দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতা ও বিভিন্ন বাণিজ্যিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় ব্যবসায়ীরা বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে তাদের বিভিন্ন দাবি ও সংস্কার প্রস্তাবনা তুলে ধরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *