
|| বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি ||
অনলাইনে কেনাকাটায় ক্রেতাদের সঠিক পণ্য নির্বাচন, বিশ্বস্ত ই-কমার্স ও এফ-কমার্স প্ল্যাটফর্ম চিহ্নিতকরণ এবং অনলাইন প্রতারণা সম্পর্কে সচেতন করতে কাজ করছে ফেসবুকভিত্তিক কমিউনিটি ‘Online Shopping Guide–OSG’।
২০১৯ সালে প্রতিষ্ঠিত এই ফেসবুক গ্রুপটির মাধ্যমে অনলাইন ও ই-কমার্স প্ল্যাটফর্ম থেকে কম দামে তুলনামূলক ভালো মানের পণ্য কেনার বিষয়ে পরামর্শ দেওয়া হয়। গ্রুপটিতে ইলেকট্রনিকস, হোম অ্যাপ্লায়েন্স, বিভিন্ন ধরনের গ্যাজেট, ডিজিটাল সেবাসংক্রান্ত পণ্য, প্রসাধনীসহ নানা ধরনের পণ্য নিয়ে আলোচনা ও পরামর্শ দেওয়া হয়ে থাকে।
এছাড়া কোনো অনলাইন বা ই-কমার্স প্ল্যাটফর্ম বিশ্বস্ত কি না, সেখান থেকে কেনা পণ্য অথেনটিক হওয়ার সম্ভাবনা কতটা এবং অনলাইনে কেনাকাটার ক্ষেত্রে কী ধরনের বিষয় যাচাই করা প্রয়োজন—এসব বিষয়েও গ্রুপটির সদস্যদের পরামর্শ দেওয়া হয়।
গ্রুপটির প্রতিষ্ঠাতা হিসেবে আসিফ আলী জানান, অনলাইন কেনাকাটার প্রসার বাড়ার সঙ্গে সঙ্গে ক্রেতাদের সামনে যেমন ভালো ও বিশ্বস্ত প্ল্যাটফর্মের সুযোগ তৈরি হয়েছে, তেমনি কিছু অসাধু অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে প্রতারণার ঘটনাও ঘটছে। এ বাস্তবতা থেকেই সাধারণ মানুষকে সচেতন করার উদ্দেশ্যে তিনি ২০১৯ সালে ‘Online Shopping Guide–OSG’ প্রতিষ্ঠা করেন।
আসিফ আলীর ভাষ্য, “দেশের মানুষ যেন বিশ্বস্ত ই-কমার্স ও অনলাইন প্ল্যাটফর্ম থেকে পণ্য কেনার বিষয়ে সঠিক পরামর্শ পায় এবং প্রতারক ও নিম্নমানের অনলাইন প্ল্যাটফর্ম সম্পর্কে আগে থেকেই সতর্ক হতে পারে—এই উদ্দেশ্যেই গ্রুপটি প্রতিষ্ঠা করা হয়েছিল।”
তিনি আরও জানান, অনলাইন কেনাকাটার ক্ষেত্রে শুধু কম দাম দেখেই সিদ্ধান্ত না নিয়ে বিক্রেতার বিশ্বাসযোগ্যতা, পণ্যের মান, রিভিউ, রিটার্ন ও রিফান্ড নীতি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় যাচাই করা প্রয়োজন। এসব বিষয়ে ক্রেতাদের সচেতন করাই গ্রুপটির অন্যতম লক্ষ্য।
বর্তমানে বাংলাদেশে অনলাইন কেনাকাটা ও ই-কমার্সের পরিধি ক্রমেই বাড়ছে। এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বিভিন্ন ধরনের অনলাইন অফার, নতুন নতুন ই-কমার্স ও এফ-কমার্স প্ল্যাটফর্ম এবং ডিজিটাল পণ্য ও সেবার ব্যবহার। ফলে নিরাপদ ও সচেতন অনলাইন কেনাকাটায় ক্রেতাদের পারস্পরিক অভিজ্ঞতা ও তথ্য বিনিময়ের গুরুত্বও বাড়ছে।
‘Online Shopping Guide–OSG’ সেই জায়গায় ক্রেতাদের মধ্যে তথ্য ও অভিজ্ঞতা বিনিময়ের একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
