শীতের হলুদে ঢাকা গোদাগাড়ীর মাঠ: সরিষা ফুলের সৌন্দর্য, মৌমাছির গুঞ্জন আর কৃষকের আশাবাদের দিন
|| অপু দাস | জেলা প্রতিনিধি (রাজশাহী) ||শীতের ভোরে কুয়াশা সরতেই নরম রোদের আলো পড়ে গোদাগাড়ীর বিস্তীর্ণ মাঠে। শিশিরে ভেজা জমি তখন ধীরে ধীরে উজ্জ্বল হয়ে ওঠে। চোখ মেললেই দেখা যায় দিগন্তজুড়ে ছড়িয়ে থাকা হলুদ রঙের সমাহার। বাতাসে ভাসে সরিষা ফুলের মিষ্টি সুবাস। সেই সুবাসের আকর্ষণে মাঠজুড়ে উড়ে বেড়ায় অগণিত মৌমাছি। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাঠগুলো এই সময় যেন প্রকৃতির হাতে আঁকা এক বিশাল জীবন্ত চিত্রপট।দূর থেকে তাকালে মনে হয়, পুরো প্রান্তরজুড়ে কেউ হলুদের চাদর বিছিয়ে দিয়েছে। কোথাও কোথাও সরিষা ক্ষেতের পাশে সারিবদ্ধভাবে বসানো রয়েছে মৌচাষের বাক্স। মৌমাছির নিরবচ্ছিন্ন আসা-যাওয়ায় চারপাশ হয়ে উঠেছে কর্মচঞ্চল। কৃষকের যত্ন আর প্রকৃতির অনুকূলতায় বদলে গেছে গোদাগাড়ীর গ্রামীণ দৃশ্যপট।শীতকালেই সরিষা ফুলের প্রধান সময়।কৃষি বিভাগ সূত্রে জানা যায়, সরিষা ফুল সাধারণত শীতকালেই ফোটে। নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস প...










