Wednesday, November 25

ইবির সমাবর্তন ফি ৩ হাজার টাকা ও নিবন্ধন সময় বাড়ানোর দাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের

|| নিজস্ব প্রতিবেদক ||

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৫ম সমাবর্তনের ফি কমিয়ে অনধিক ৩ হাজার টাকা নির্ধারণ এবং নিবন্ধনের সময়সীমা আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর আহ্বান জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন।

আজ বুধবার (২৫ নভেম্বর) অ্যাসোসিয়েশনের সভাপতি মির্জা ওয়ালিদ হোসেন শিপন ও সাধারণ সম্পাদক এস এম মিজানুর রহমান স্বাক্ষরিত এবং দপ্তর সম্পাদক মোছাদ্দেকুল হক প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি এ আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের দাবি, স্বার্থ, আর্থিক সক্ষমতা ও বিশ্ববিদ্যালয়ের ভৌগোলিক অবস্থান গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে সমাবর্তন ফি অনধিক ৩ হাজার টাকা এবং নিবন্ধনের সময়সীমা ১৫ ডিসেম্বর ২০২৬ নির্ধারণ করা প্রয়োজন। প্রবল আগ্রহ থাকা সত্ত্বেও শুধু আর্থিক সীমাবদ্ধতার কারণে বিপুলসংখ্যক শিক্ষার্থী এই ঐতিহাসিক মিলনমেলায় অংশগ্রহণ থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা রয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, দেশের সিংহভাগ বেসরকারি প্রতিষ্ঠান কর্মীদের বেতন মাসের ১০ থেকে ১২ তারিখের মধ্যে প্রদান করে। বিষয়টি বিবেচনায় নিয়ে নিবন্ধনের সময় বাড়ানো জরুরি। সার্বিক প্রস্তুতির জন্য দেড় মাস সময় অপ্রতুল হলেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ আন্তরিকতার সঙ্গে কাজ করে সমাবর্তনকে সফল করে তুলবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ বিশ্বাস করেন, সমাবর্তনে অংশগ্রহণের ব্যয় সহনীয় পর্যায়ে রাখলে অধিকসংখ্যক শিক্ষার্থী এ গৌরবময় আয়োজনে অংশগ্রহণের সুযোগ পাবেন, যা শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি সমাবর্তনের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে সহায়ক হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *