
|| চট্টগ্রাম প্রতিনিধি ||
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) চান্দগাঁও থানার ৪ নম্বর চান্দগাঁও ওয়ার্ড সিটিজেনস ফোরামের কার্যকরী পরিষদের সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক ছাত্রনেতা, চান্দগাঁও থানা বিএনপির অন্যতম সংগঠক, ব্যবসায়ী ও সমাজসেবক ফোরকান উদ্দিন জাবেদ।
দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা, সাংগঠনিক অভিজ্ঞতা এবং স্থানীয় পর্যায়ে জনসম্পৃক্ততার কারণে ফোরকান উদ্দিন জাবেদের এ দায়িত্বপ্রাপ্তিকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। নতুন দায়িত্বের মাধ্যমে এলাকার নাগরিক সমস্যা, জনদুর্ভোগ, নাগরিক অধিকার ও স্থানীয় মানুষের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে তিনি আরও সক্রিয় ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করছেন সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা।
জানা যায়, সাবেক ছাত্রনেতা হিসেবে রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার মধ্য দিয়ে ফোরকান উদ্দিন জাবেদের সাংগঠনিক পথচলার সূচনা হয়। পরবর্তী সময়ে তিনি চান্দগাঁও থানা বিএনপির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন। দলীয় কর্মসূচি, সাংগঠনিক কর্মকাণ্ড এবং স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগের মাধ্যমে তিনি নিজের একটি রাজনৈতিক ও সামাজিক অবস্থান তৈরি করেছেন। রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি ব্যবসা ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গেও তাঁর সম্পৃক্ততা রয়েছে।
নতুন দায়িত্ব প্রসঙ্গে ফোরকান উদ্দিন জাবেদ বলেন, ‘সিটিজেনস ফোরামের মতো একটি নাগরিক সংগঠনের দায়িত্ব পাওয়া আমার জন্য সম্মানের। এলাকার সাধারণ মানুষের সমস্যা, প্রত্যাশা ও নাগরিক অধিকার সংশ্লিষ্ট বিষয়গুলো যথাযথভাবে তুলে ধরার চেষ্টা করব। নাগরিক সেবা নিশ্চিত করা এবং জনস্বার্থের বিষয়ে সোচ্চার থাকাই হবে আমার প্রধান লক্ষ্য।’
তিনি আরও বলেন, ‘দল-মত নির্বিশেষে এলাকার মানুষের পাশে থেকে নাগরিক সমস্যা চিহ্নিত করা এবং তা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করতে চাই।’
এদিকে ফোরকান উদ্দিন জাবেদের নতুন দায়িত্ব ঘিরে চান্দগাঁওয়ের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্টদের মতে, তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং স্থানীয় মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ সিটিজেনস ফোরামের কার্যক্রমকে আরও গতিশীল করতে সহায়ক হবে এবং এলাকার জনদুর্ভোগ লাঘবে কার্যকর ভূমিকা রাখবে।
