
|| এস এম শামীম ||
স্বাধীন বাংলার প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় এবং দেশের অন্যতম বিশেষায়িত উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া আজ ৪৮ বছরে পদার্পণ করেছে। এ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল ইসলামি শিক্ষা ও সাধারণ শিক্ষার সমন্বয় সাধন, যার মাধ্যমে আদর্শ, জ্ঞানী ও দক্ষ জনশক্তি গড়ে উঠবে এবং দেশ-বিদেশে ইসলামের মহান আদর্শ ও সুমহান বাণী ছড়িয়ে পড়বে।
ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন এ দেশের ইসলামপ্রেমী মানুষেরা। সেই স্বপ্নের অন্যতম পথিকৃৎ ও স্বপ্নদ্রষ্টা ছিলেন মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী। তৎকালীন বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার নেতৃবৃন্দের আন্দোলন, সংগ্রাম ও দাবির মধ্য দিয়ে এ দেশে একটি ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা গণমানুষের হৃদয়ে স্থান করে নেয়। সেই আন্দোলনে দেশের আপামর ইসলামপ্রেমী মানুষ রাজপথে নেমে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানিয়েছিলেন। পরবর্তীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই স্বপ্নের বাস্তবায়নে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন।
কিন্তু প্রতিষ্ঠার ৪৮ বছর পেরিয়ে গেলেও বিশ্ববিদ্যালয়টি আজও তার কাঙ্ক্ষিত মূল লক্ষ্যে পৌঁছাতে পারেনি। যুগে যুগে নানা ষড়যন্ত্র, প্রতিবন্ধকতা ও বিভিন্ন মহলের বিরূপ কর্মকাণ্ডের শিকার হয়েছে এই বিশ্ববিদ্যালয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রত্যাশা ছিল, ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে বিশ্বমানের ইসলামি স্কলার ও পণ্ডিত তৈরি হবে, যারা দেশ-বিদেশে ইসলামের জ্ঞান, আদর্শ ও সুমহান বাণী ছড়িয়ে দেবেন। দুঃখজনকভাবে, পরবর্তী সময়ে বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপট ও প্রশাসনিক পরিবর্তনের মধ্যেও বিশ্ববিদ্যালয়কে তার প্রতিষ্ঠাকালীন লক্ষ্য ও আদর্শের দিকে ফিরিয়ে নেওয়ার কার্যকর উদ্যোগ খুব একটা দৃশ্যমান হয়নি।
তবুও আমরা আশাবাদী। আমরা প্রত্যাশা করি, বর্তমান প্রশাসন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন লক্ষ্য, উদ্দেশ্য ও আদর্শকে গুরুত্ব দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই স্বপ্ন বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবে। কারণ, জাতির যে প্রত্যাশা নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল, সেই প্রত্যাশা আজও পূরণ হয়নি।
আরও একটি বিষয় অত্যন্ত বেদনাদায়ক, যাঁরা এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছেন, রক্ত দিয়েছেন, জেলখেটেছে এবং বুকভরা স্বপ্ন নিয়ে সংগ্রাম করেছেন, তাঁদের স্মৃতি ও অবদান যথাযথভাবে সংরক্ষিত হয়নি। তাঁদের নামে বিশ্ববিদ্যালয়ের উল্লেখযোগ্য স্থাপনা বা স্মৃতিচিহ্ন না থাকায় ভবিষ্যৎ প্রজন্ম হয়তো একসময় তাঁদের অবদান ভুলে যাবে। এমনকি বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীও জানেন না, কী লক্ষ্য, উদ্দেশ্য ও মিশন নিয়ে এই বিশ্ববিদ্যালয়ের জন্ম হয়েছিল। অথচ আমরা এই বিশ্ববিদ্যালয়ে পড়ছি, কাজ করছি, এর সুযোগ-সুবিধা ভোগ করছি। কিন্তু এর প্রতিষ্ঠার ইতিহাস ও আদর্শ সম্পর্কে সচেতনতা থাকা আমাদের সবার দায়িত্ব।
আমাদের প্রত্যাশা, ইসলামী বিশ্ববিদ্যালয় তার প্রতিষ্ঠাকালীন লক্ষ্য ও আদর্শে ফিরে আসুক। বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, ঐতিহ্য, প্রতিষ্ঠার আন্দোলন ও স্বপ্নকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হোক। প্রতিষ্ঠাতাদের স্বপ্ন বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় এগিয়ে যাক ইসলামি শিক্ষা ও সাধারণ শিক্ষার সমন্বয়ে জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ তৈরির পথে।
৪৮ বছরের এই পথচলায় ইসলামী বিশ্ববিদ্যালয় তার মূল লক্ষ্যে ফিরে আসুক এটাই আমাদের প্রত্যাশা।
শুভ হোক ইসলামী বিশ্ববিদ্যালয়ের আগামী দিনগুলো।
লেখক: সভাপতি, বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা।
