
|| অর্থ ও বাণিজ্য ডেস্ক ||
তেজাবি স্বর্ণের দাম কমায় দেশের বাজারে আবারও কমানো হয়েছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ৬ হাজার ১৮১ টাকা কমিয়ে ভ্যাটসহ নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা।
গতকাল শনিবার (২১ নভেম্বর) রাতে জুয়েলারি ব্যবসায়ীদের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। আজ রবিবার (২২ নভেম্বর) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।
নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৫ হাজার ৮৯০ টাকা কমিয়ে ১ লাখ ৮৪ হাজার ২১৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ১৫ টাকা কমিয়ে ১ লাখ ৫৯ হাজার ৯৭২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৪ হাজার ৪৯১ টাকা কমিয়ে ১ লাখ ৩০ হাজার ৩৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ২০ নভেম্বর ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১০ হাজার ৯৬৫ টাকা কমিয়ে ২ লাখ ১ হাজার ১৪৫ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ১০ হাজার ৪৩৯ টাকা কমিয়ে ১ লাখ ৯২ হাজার ১০৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৮ হাজার ৯৮১ টাকা কমিয়ে ১ লাখ ৬৪ হাজার ৯৮৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৭ হাজার ৩৪৮ টাকা কমিয়ে ১ লাখ ৩৪ হাজার ৮৩৬ টাকা নির্ধারণ করা হয়েছিল।
এদিকে স্বর্ণের দাম কমানো হলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩২ টাকা, ২১ ক্যারেটের ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৯২৪ টাকায় বিক্রি হচ্ছে।
উল্লেখ্য, এ নিয়ে চলতি বছর দেশের বাজারে এখন পর্যন্ত ১৪২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হলো। এর মধ্যে ৬৫ দফা বাড়ানো হয়েছে এবং কমানো হয়েছে ৭৭ দফা। আর গত ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল, যেখানে ৬৪ বার বাড়ানো এবং ২৯ বার কমানো হয়েছিল।
