Sunday, November 22

‎ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ‎

|| ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ||

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ রবিবার। ১৯৭৯ সালের এদিনে কুষ্টিয়া-ঝিনাইদহের শান্তিডাঙ্গা-দুলালপুরে বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ৪৭ বছর পেরিয়ে ৪৮ বছরে পদার্পণ উপলক্ষ্যে দিনব্যাপী নানা কর্মসূচি নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
‎
‎কর্মসূচির মধ্যে রয়েছে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, আলোচনা সভা, আনন্দ শোভাযাত্রা, ভিত্তিপ্রস্তরে শ্রদ্ধাঞ্জলি, কেক কাটা ও বিশেষ দোয়া। শনিবার উদযাপন কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. এমতাজ হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
‎
‎প্রজ্ঞাপন অনুযায়ী, এদিন সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে শিক্ষক-শিক্ষার্থীদের সমবেত হওয়ার মধ্য দিয়ে কর্মসূচি শুরু হবে। একই সময়ে আবাসিক হলগুলোতে জাতীয় ও হলের পতাকা উত্তোলন করা হবে।
‎
‎
‎সকাল ১০টার দিকে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করবেন ইবি ভিসি প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান। বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করবেন প্রো-ভিসি প্রফেসর ড. এমতাজ হোসেন। এ সময় পায়রা ও বেলুন উড়িয়ে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হবে। পরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
‎
‎আলোচনা সভা শেষে ভিসি ও প্রো-ভিসির নেতৃত্বে আনন্দ শোভাযাত্রা বের হবে। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্থাপিত বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর চত্বরে গিয়ে শেষ হবে। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, অফিস, ইনস্টিটিউট, আবাসিক হল, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেবেন।
‎
‎
‎শোভাযাত্রা শেষে ভিত্তিপ্রস্তরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হবে। পরে প্রশাসন ভবনে কেক কাটা হবে। এছাড়া জোহরের নামাজের পর কেন্দ্রীয় মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে।
‎
‎এদিকে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, প্রশাসন ভবন, ভিসির বাসভবন, ভিত্তিপ্রস্তর চত্বর ও ডায়না চত্বর আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। পাশাপাশি ক্যাম্পাসের বিভিন্ন স্থানে আল্পনা আঁকা ও রঙিন পতাকা দিয়ে সাজানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *