Wednesday, November 4

কচাকাটা ডিগ্রি কলেজের নিয়োগে দুর্নীতির অভিযোগ, সভাপতি ও অধ্যক্ষের পদত্যাগ দাবি

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা ডিগ্রি কলেজের চারটি পদে নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। বিতর্কিত এই নিয়োগ প্রক্রিয়া বাতিল এবং কলেজের অধ্যক্ষ ও পরিচালনা কমিটির সভাপতির পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন নিয়োগবঞ্চিত প্রার্থী ও স্থানীয় এলাকাবাসী।

গত রবিবার (১ নভেম্বর) দুপুরে কচাকাটা হাইস্কুল থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলেজ গেটে গিয়ে শেষ হয়। এ সময় বিক্ষোভকারীরা কলেজের প্রধান ফটক খোলার দাবি জানান এবং কলেজের সভাপতি ড্যাব নেতা ডা. মোহাম্মদ ইউনুস আলী ও অধ্যক্ষ রফিকুল ইসলাম জুয়েলের ছবি সংবলিত কুশপুত্তলিকায় আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানান। পরে গেট খুলে দেওয়া হলে কলেজ মাঠে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে নিয়োগবঞ্চিত প্রার্থীরা অভিযোগ করেন, মেধাতালিকায় এগিয়ে থাকা যোগ্য প্রার্থীদের বাদ দিয়ে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে কম মেধাবীদের নিয়োগ দেওয়া হয়েছে। গত ২৪ অক্টোবর কম্পিউটার কাম অফিস সহকারী, ল্যাব সহকারী, নৈশপ্রহরী ও আয়া—এই চার পদে ৪৫ জন চাকরিপ্রত্যাশী পরীক্ষায় অংশ নেন। পরীক্ষা শেষে সেদিন তাৎক্ষণিক ফল প্রকাশ না করে চার দিন পর ফলাফল দেওয়ায় নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন প্রার্থীরা।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম জুয়েল দাবি করেন, নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ হয়েছে এবং দুর্নীতির অভিযোগটি অপপ্রচার মাত্র। তিনি জানান, পরীক্ষায় বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, ডিজির প্রতিনিধি, ডিসির প্রতিনিধি এবং অনেক সাংবাদিক উপস্থিত ছিলেন। কলেজের সভাপতি ডা. মোহাম্মদ ইউনুস আলীও দাবি করেন যে, কোনো দুর্নীতি হয়নি এবং স্বচ্ছ পরীক্ষার মাধ্যমে নিয়োগ সম্পন্ন হয়েছে। একটি মহল রাজনৈতিক উদ্দেশ্যে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *