Thursday, October 29

সলঙ্গায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রায় হাজারো মানুষের ঢল

​|| আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য ও সংগ্রামের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের সলঙ্গায় আলোচনা সভা ও বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) সকালে সলঙ্গা থানা যুবদলের আয়োজনে ঐতিহাসিক সলঙ্গা থানা মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে সলঙ্গা থানা যুবদলসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

সলঙ্গা থানা যুবদলের আহ্বায়ক রাশেদুল হাসান পাপনের সভাপতিত্বে এবং সদস্য সচিব শাহিন রেজার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সলঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান সরকার, সাবেক সাধারণ সম্পাদক মারুফ হাসান খোকন, সলঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম রফিক, থানা ছাত্রদলের আহ্বায়ক হারুনর রশীদ হিরন, কলেজ শাখা ছাত্রদলের সভাপতি কাবলু মিয়াসহ যুবদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।

বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠালগ্ন থেকেই গণতন্ত্র, মানুষের অধিকার প্রতিষ্ঠা ও দেশের স্বার্থ রক্ষার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সংগঠনের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্যকে ধারণ করে আগামী দিনেও যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।

আলোচনা সভা শেষে ঐতিহাসিক সলঙ্গা থানা মাঠ থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় সলঙ্গা থানা যুবদলের নেতাকর্মীদের পাশাপাশি সলঙ্গা থানার ছয়টি ইউনিয়নের যুবদলের নেতাকর্মীরা অংশ নেন। মিছিলটি সলঙ্গা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারো সলঙ্গা থানা মাঠে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় হাজারো মানুষের উপস্থিতিতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে যুবদলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *