
|| আছিবুল ইসলাম | বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি ||
বরিশালের বানারীপাড়ায় স্থানীয় পর্যায়ে দুর্যোগের ঝুঁকি হ্রাস, পরিবেশ রক্ষা এবং জেন্ডার সমতা নিশ্চিত করার লক্ষ্যে উপজেলা লোকমোর্চা কমিটির নিয়মিত সভা ও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) জেন্ডার ইকুয়ালিটি ট্রান্সফর্মস ক্লাইমেট অ্যাকশন (GETCA) প্রকল্পের আওতায়, ওয়েভ (WAVE) ফাউন্ডেশনের সহযোগিতায় এবং নজরুল স্মৃতি সংসদ (NSS)-এর বাস্তবায়নে বানারীপাড়া মাহমুদিয়া মাদ্রাসায় লোকমোর্চা কমিটির এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের জলবায়ু ঝুঁকি, স্থানীয় সমস্যা, চলমান কার্যক্রমের অর্জন এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে সম্প্রতি ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন ইউনিয়নের লোকমোর্চা কমিটির সক্রিয় অংশগ্রহণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান এবং প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় সচেতনতামূলক কার্যক্রমের প্রশংসা করা হয়। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় স্থানীয় জনসচেতনতা বৃদ্ধি ও সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর জোর দেন বক্তারা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বানারীপাড়া উপজেলা সিভিক ফোরামের সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মোঃ কাওসার হোসাইন এবং এনএসএস (NSS)-এর উপজেলা কো-অর্ডিনেটর মোঃ জাহাঙ্গীর হোসাইন সহ সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।
সভা শেষে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে পরিবেশের ভারসাম্য রক্ষা ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বানারীপাড়া উপজেলা আবাসন সংলগ্ন রাস্তায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। আয়োজকেরা জানান, সম্মিলিত উদ্যোগ, স্থানীয়দের সক্রিয় অংশগ্রহণ ও সচেতনতার মাধ্যমে জলবায়ু সহনশীল, দুর্যোগ-প্রস্তুত এবং জেন্ডার সমতাভিত্তিক সমাজ গড়ে তোলাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য।
