
|| আলোকিত দৈনিক ডেস্ক ||
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়োজিত বিশেষ নৈশভোজে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সম্মানে স্থানীয় সময় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে এ নৈশভোজের আয়োজন করেন মার্কিন প্রেসিডেন্ট।
প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের প্রথম দিনের সার্বিক কার্যক্রম তুলে ধরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
এর আগে সফরের প্রথম দিনে প্রধানমন্ত্রী তারেক রহমান ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে, মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট হুসেইন মোহামেদ লতিফ, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এবং জাতিসংঘ মহাসচিবের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত জুলি বিশপের সঙ্গে পৃথক বৈঠক ও সাক্ষাৎ করেন।
এদিকে সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে দ্বিপক্ষীয় সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছেন। তবে দুই দেশের সুবিধাজনক সময়ে পরবর্তীতে পূর্ণাঙ্গ কোনো দ্বিপক্ষীয় সফরের মাধ্যমে এ বৈঠক আয়োজনের বিষয়টি বিবেচনা করা হবে।
