Tuesday, September 15

নাগেশ্বরীতে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ‎

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||

‎কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। নাগেশ্বরী থানা পুলিশের আয়োজনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের দল নিয়ে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

‎মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৪টায় অনুষ্ঠিত খেলায় রামখানা বনাম নুনখাওয়া, সন্তোষপুর বনাম বামনডাঙ্গা এবং রায়গঞ্জ বনাম বেরুবাড়ি ইউনিয়নের দল অংশ নেয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় রামখানা, সন্তোষপুর ও রায়গঞ্জ ইউনিয়ন জয়লাভ করে।

খেলা ঘিরে মাঠে ক্রীড়াপ্রেমী দর্শকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। তরুণ খেলোয়াড়দের পাশাপাশি স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ খেলাগুলো উপভোগ করেন।

‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার মো. আলাউদ্দিন, থানার অফিসার ইনচার্জ মো. এনামুল হক প্রধান, উপজেলা বিএনপির আহ্বায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা, সদস্য সচিব আলহাজ্ব মোখলেছুর রহমান, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ক্রীড়া সংস্থার সদস্য আশরাফ হোসেন আপেল এবং ক্রীড়া সংস্থার সদস্য সচিব জহুরুল হক কামাল। এছাড়া বিভিন্ন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক, সদস্য সচিবসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

‎উপজেলা নির্বাহী অফিসার মো. আলাউদ্দিন বলেন, খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবোধ ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতেও সহায়ক।

‎ওসি মো. এনামুল হক প্রধান বলেন, কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে পুলিশের সঙ্গে সাধারণ মানুষের সম্পর্ক আরও দৃঢ় করাই মূল লক্ষ্য। খেলাধুলাকে কেন্দ্র করে মানুষের অংশগ্রহণ সেই সম্পর্ককে আরও প্রাণবন্ত করবে।

‎উপজেলা বিএনপির আহ্বায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা বলেন, মাদক ও অপরাধ থেকে তরুণদের দূরে রাখতে তাদের খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা জরুরি। কাবাডির মতো দেশীয় খেলাকে জনপ্রিয় করতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখা প্রয়োজন।

‎ক্রীড়া সংস্থার সদস্য আশরাফ হোসেন আপেল বলেন, ইউনিয়ন পর্যায়ে নিয়মিত প্রতিযোগিতা হলে স্থানীয় প্রতিভাবান খেলোয়াড়রা নিজেদের মেলে ধরার সুযোগ পাবেন।

‎আয়োজকরা জানান, পর্যায়ক্রমে টুর্নামেন্টের পরবর্তী খেলাগুলো অনুষ্ঠিত হবে। এ আয়োজনের মধ্য দিয়ে স্থানীয় পর্যায়ে ক্রীড়া চর্চা বাড়ানোর পাশাপাশি তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার প্রত্যাশা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *