
|| ইবি প্রতিনিধি ||
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার উদ্যোগে ‘মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠ প্রাঙ্গণে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।

প্রতিযোগিতার ফাইনালে আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. আ. ব. ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফী। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মোঃ মাহমুদুল হাসান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক মো. শাহিনুজ্জামান, আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. ময়নুল হক, আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ জালাল উদ্দিন, অধ্যাপক খান মোঃ ইলিয়াস, অধ্যাপক ড. মোঃ জাকির হোসেন, জুলাই ৩৬ হলের প্রভোস্ট ড. এ কে এম শামসুল হক সিদ্দিকী এবং আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. রফিকুল ইসলাম।

এ সময় বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া ইবি শাখার সভাপতি এস এম শামীম, সেক্রেটারি খন্দকার আরিফ, সাবেক সহ-সভাপতি সাজ্জাতুল্লাহ শেখসহ সংগঠনের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব অপরিসীম। একটি সুস্থ, সুন্দর ও আদর্শ ক্যাম্পাস গঠনে শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে হবে। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে খেলাধুলার মাধ্যমে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হয়।
