Sunday, September 13

সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের ভবন ধস: খোলা মাঠেই চলছে পাঠদান

​|| সারোয়ার হোসেন অপু | নওগাঁ প্রতিনিধি ||

নওগাঁর বদলগাছী উপজেলার মথুরাপুর ইউনিয়নের সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শ্রেণীকক্ষ ধসে পড়ায় চরম বিপাকে পড়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। জীবনের ঝুঁকি এড়িয়ে পাঠদান চালু রাখতে বাধ্য হয়েই খোলা আকাশের নিচে বিদ্যালয় মাঠে ক্লাস নিচ্ছেন শিক্ষকরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়টির পুরানো ভবনের একটি ক্লাসরুমের একাংশ হঠাৎ ভেঙে পড়ে। পরবর্তীতে বাঁশ ও সাময়িক জোড়াতালি দিয়ে ঘরটি আটকানোর আপ্রাণ চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। যেকোনো সময় পুরো কাঠামো ধসে পড়ে বড় ধরনের বিপদের আশঙ্কা তৈরি হয়েছে। জরাজীর্ণ এই অবস্থার কারণে কোমলমতি শিক্ষার্থীরা ক্লাসরুমে ঢুকতে ভয় পাচ্ছে।

বিদ্যালয়ের অষ্টম, নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা জানায়, জরাজীর্ণ ঘরের মধ্যে বসে ক্লাস করতে তাদের প্রবল ভয় করে। বাইরে মাঠে ক্লাস করতে গিয়ে রোদ-বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়া মোকাবিলা করতে হচ্ছে, যা পড়ালেখার পরিবেশ বিঘ্নিত করছে। অতি দ্রুত এই ভাঙা শ্রেণীকক্ষ মেরামত অথবা একটি নতুন ভবন নির্মাণ করা না হলে যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে তারা উদ্বেগ প্রকাশ করে।

বিদ্যালয় কর্তৃপক্ষ ও এলাকাবাসী জানান, বারবার চেষ্টা করেও জরাজীর্ণ ওই কক্ষটিকে আর কোনোভাবেই ব্যবহারের উপযোগী করা যাচ্ছে না। বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতে এবং শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে অনতিবিলম্বে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন মহলের জরুরি হস্তক্ষেপ ও নতুন ভবন বরাদ্দের দাবি জানিয়েছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *