
|| আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||
সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় গারুদহ নদীতে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচি পালন করা হয়েছে। আজ শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে সলঙ্গা বাজারের কোল ঘেঁষে বয়ে যাওয়া গারুদহ নদীতে ৪৫ কেজি রুই, কাতলা ও মৃগেলসহ বিভিন্ন দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।

‘মাছে-ভাতে বাঙালি’র হারানো গৌরব ও ঐতিহ্য ফিরিয়ে আনা এবং প্রাকৃতিকভাবে দেশীয় মাছের বংশবৃদ্ধি ও সম্পদ রক্ষার লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইলিয়াস হোসেন, সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছলাম আলী, সলঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান সরকার, সাবেক সহ-সভাপতি মারুফ হাসান খোকন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম সরকার, সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও যুবদল নেতা কেএম আলআমিন এবং থানা স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দসহ সলঙ্গায় কর্মরত সাংবাদিকেরা।
