
|| তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি ||
ভোলার তজুমদ্দিনে বাড়িতে চলাচলের পথে সুপারি চারা রোপণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক শারীরিক প্রতিবন্ধীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চাঁদপুর ইউনিয়নের কেয়ামূল্যাহ গ্রামের মহাদেব বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে শারীরিক প্রতিবন্ধী শ্রীবাস চন্দ্র দাসের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভোলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
স্থানীয় ও লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, চাঁদপুর ইউনিয়নের কেয়ামূল্যাহ গ্রামের মহাদেব বাড়িতে ভ্যানচালক শ্রীবাস চন্দ্র দাসের চলাচলের পথে প্রতিপক্ষ লালু দাসের ছেলেরা সুপারি চারা রোপণ করতে গেলে তিনি তাতে বাধা দেন। এতে উভয় পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে লালু দাসের ছেলে দ্বীবাকর, বিভীষণ ও বিধান চন্দ্র দাস মারধর শুরু করলে শ্রীবাসকে বাঁচাতে তাঁর মা পুষ্পরানী দাস ও স্ত্রী শ্রীমতি রানী দাস এগিয়ে এলে তাঁদের ওপরও হামলা চালানো হয়। এতে উভয় পক্ষে সংঘর্ষ বেঁধে যায়।
সংঘর্ষে এক পক্ষের শ্রীবাস চন্দ্র দাস, তাঁর মা পুষ্পরানী দাস, স্ত্রী শ্রীমতি রানী দাস এবং অপর পক্ষের স্বর্ণলতা দাস ও বিধান চন্দ্র দাস আহত হন। তবে অভিযোগ অস্বীকার করে লালু দাস দাবি করেন, ঘটনাটি ভিন্ন খাতে নেওয়ার জন্য তাঁদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।
তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান জানান, মারামারির ঘটনায় উভয় পক্ষ থেকে থানায় পাল্টাপাল্টি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টির তদন্ত চলছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
