
|| বদরুদ্দোজা বুলু | চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুড়িগ্রামের চিলমারীতে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, বৃক্ষরোপণ ও পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চিলমারী উপজেলা বিএনপি এসব কর্মসূচির আয়োজন করে।
সকাল সাড়ে ১০টায় উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা চত্বরসহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়। পরবর্তীতে উপজেলা চত্বরের পুকুরে পোনা মাছ অবমুক্ত ও চত্বর এলাকায় বৃক্ষরোপণ করা হয়।
কর্মসূচি শেষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন চিলমারী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী সরকার। সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, বিএনপি দেশের ১৮ কোটি সাধারণ মানুষের দল। দীর্ঘ মেয়াদে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় নেতাকর্মীদের সাধারণ মানুষের কাছে গণসম্পৃক্ততা আরও বাড়াতে হবে। আগামী স্থানীয় সরকার নির্বাচনে প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে দলীয় প্রার্থীদের বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে দলীয় ভাবমূর্তি রক্ষায় চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হানিফা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক সাদাকাত হোসেন, আনোয়ারুল ইসলাম, জোবায়দুল হক, ফজলুল হক, শাহ আলম সবুজ, সাবেক সাধারণ সম্পাদক সাহেব আলী, উপজেলা বিএনপি সদস্য মো. বদরুদ্দোজা বুলু, সামছুদ্দিন, করিম চেয়ারম্যান সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
