Wednesday, September 2

পঞ্চম শ্রেণির ছাত্রীকে বাথরুমে পেয়ে শিক্ষকের ধর্ষণচেষ্টা অতঃপর…

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||

কুড়িগ্রামের নাগেশ্বরীতে স্কুলের বাথরুমে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক সহকারী শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

‎সোমবার (৩১ আগস্ট) উপজেলার রামখানা ইউনিয়নের দক্ষিণ রামখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘটনাটি সংগঠিত হয়। ‎গ্রেপ্তারকৃত আব্দুল মোতালেব ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং দক্ষিণ রামখানা ভূঁইয়াটারী এলাকার বাসিন্দা।

‎স্থানীয়রা জানান, সোমবার টিফিনের সময় ওই ছাত্রী বাথরুমে যায়। এ সময় সহকারী শিক্ষক আব্দুল মোতালেব তাকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করেন। ধস্তাধস্তির এক পর্যায়ে ওই ছাত্রী দৌড়ে বের হয়ে আসে এবং বিষয়টি অফিসে থাকা এক শিক্ষিকাকে জানায়। পরে এ বিষয়টি স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়লে উত্তেজনার সৃষ্টি হয়।

‎এদিকে বিষয়টি ধামাচাপা দিতে স্কুলের প্রধান শিক্ষক নূর ইসলাম মিয়া ও স্থানীয় বাংলাদেশ জামায়াতে ইসলামীর বহিষ্কৃত নেতা মোশারফ হোসেন কাজী মধ্যরাত পর্যন্ত দেনদরবার করেন। এ সময় স্থানীয় গণমাধ্যমকর্মীদের তথ্য সংগ্রহ করতেও বাধা দেন তারা। পরে পুলিশ খবর পেয়ে মধ্যরাতে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার এবং ভিকটিমকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এরপর মঙ্গলবার ১ সেপ্টেম্বর দুপুরে ওই ছাত্রীর বাবা আলম বাদী হয়ে নাগেশ্বরী থানায় মামলা করেন। যার নম্বর ১/২ তাং- ০১-০৯-২০২৬ইং।

‎নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামূল হক প্রধান জানান, গ্রেপ্তারকৃত শিক্ষক মোতালেবকে বিকেলে আদালতে পাঠানো হয়েছে। আর ভিকটিম থানা হেফাজতে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *