Thursday, August 20

হরমুজ নিয়ে ট্রাম্পের দাবির জবাবে ক্যালিফোর্নিয়াকে ইরানের ‘নতুন ভূখণ্ড’ দাবি

|| আন্তর্জাতিক ডেস্ক ||

বৈশ্বিক তেল বাণিজ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘নতুন ভূখণ্ড’ হিসেবে দাবি করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া এক পোস্টের জবাবে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যকে ইরানের ‘নতুন ভূখণ্ড’ বলে দাবি করেছে দেশটির একটি সরকারি সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট।

এর আগে গত মঙ্গলবার ট্রুথ সোশ্যালে হরমুজ প্রণালির একটি মানচিত্র প্রকাশ করেন ট্রাম্প। সেখানে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথটিকে নীল বৃত্ত দিয়ে চিহ্নিত করে ‘যুক্তরাষ্ট্রের নতুন এলাকা’ হিসেবে উল্লেখ করা হয়। পরবর্তীতে হোয়াইট হাউসের অফিশিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকেও পোস্টটি পুনঃপ্রকাশ করা হয়।

ট্রাম্পের এই দাবির তীব্র সমালোচনা করে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি এক্সে জানান, হরমুজ প্রণালি নিয়ে মার্কিন প্রেসিডেন্টের ‘ভ্রান্ত ধারণা’ শিগগিরই দূর হবে, অথবা ইরান নিজেই তা সংশোধন করবে।

পাল্টা প্রতিক্রিয়া হিসেবে ইরানের সরকারি ‘ইরান ইন হায়দ্রাবাদ’ অ্যাকাউন্ট থেকে যুক্তরাষ্ট্রের মানচিত্র প্রকাশ করে ক্যালিফোর্নিয়াকে নীল রঙে চিহ্নিত করে ‘ইসলামিক রিপাবলিক অব ইরানের নতুন ভূখণ্ড’ বলে ঘোষণা দেওয়া হয়। উল্লেখ্য, দক্ষিণ ক্যালিফোর্নিয়া এবং লস অ্যাঞ্জেলেসের ওয়েস্টউড অঞ্চলে (যা অনানুষ্ঠানিকভাবে ‘তেহরাঞ্জেলেস’ নামে পরিচিত) বড় একটি ইরানি-আমেরিকান সম্প্রদায় বসবাস করে।

কয়েক মাস ধরে চলা উত্তেজনার পর যুদ্ধ অবসান ও সমঝোতার লক্ষ্যে গত জুনে দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক সই হলেও হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে মতবিরোধের কারণে আলোচনা বর্তমানে থমকে আছে। এদিকে প্রণালিটিতে নৌযান চলাচল নিয়ে ইরান ও ওমানের মধ্যেও আলোচনা অব্যাহত থাকলেও এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সমাধান আসেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *