
|| সারোয়ার হোসেন অপু | জেলা প্রতিনিধি (নওগাঁ) ||
নওগাঁর বদলগাছী উপজেলার বিভিন্ন খালে ‘চায়না দুয়ারী’ বা রিং জালের ব্যবহারে নির্বিচারে মাছ শিকারের ফলে অস্তিত্ব সংকটে পড়ছে দেশীয় প্রজাতির মাছ। সোমবার (১৭ আগস্ট) ফতেজঙ্গপুর ও আবাদপুর বিলে সরেজমিনে দেখা যায়, ছোট খালগুলোতে এই অবৈধ জাল ব্যবহার করে অবাধে মাছ ধরা হচ্ছে, যা স্থানীয় জীববৈচিত্র্যের জন্য চরম হুমকি সৃষ্টি করেছে।
ক্ষতিকর এই জাল বন্ধে বুধবার (১৯ আগস্ট) উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে আবাদপুর বিল ও ফতেজঙ্গপুরের বিভিন্ন এলাকা থেকে প্রায় ২৫-৩০টি ‘চায়না দুয়ারী’ জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
অভিযান পরিচালনাকালে বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশরাত জাহান ছনি, উপজেলা মৎস্য কর্মকর্তা শিল্পী রায়, মৎস্য দপ্তরের কর্মকর্তা, পুলিশ সদস্য এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা শিল্পী রায় জানান, মৎস্য সুরক্ষা আইনের অধীন এই নিষিদ্ধ জাল জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি। এই জালের ব্যবহার শূন্যের কোটায় নামিয়ে আনতে তাদের অভিযান অব্যাহত থাকবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশরাত জাহান ছনি বলেন, চায়না দুয়ারী জাল বন্ধে প্রশাসন একাধিকবার অভিযান চালিয়েছে এবং দেশীয় মাছ রক্ষায় এ ধরনের তৎপরতা ভবিষ্যতেও জারি থাকবে।
