
|| শাহীন হাওলাদার | মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি ||
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার ২৭নং মধ্য আমড়াগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির (এসএমসি) সভাপতি হিসেবে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন শান্তা মনি।
গত ৩ আগস্ট সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী গঠিত ১২ সদস্যবিশিষ্ট এই নতুন কমিটির অনুমোদন দেন উপজেলা শিক্ষা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা।
দ্বিতীয় মেয়াদে সভাপতি নির্বাচিত হওয়া শান্তা মনি স্থানীয় একতা বহুমুখী প্রতিবন্ধী বিদ্যালয়ের একজন সিনিয়র শিক্ষিকা। শিক্ষা বিস্তারে ভূমিকার পাশাপাশি তিনি এলাকায় একজন সমাজকর্মী ও সফল নারী উদ্যোক্তা হিসেবে পরিচিত। তিনি উপজেলার দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের বাসিন্দা ও স্থানীয় ‘শেফা ফ্যাশন’-এর প্রোপাইটর মোহাম্মাদ নাসির উদ্দিনের (অব. কর্পোর কর্পোরাল) সহধর্মিণী।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি মোঃ সোহরাব হোসেন; সদস্য মোঃ রুহুল আমীন, মোঃ আঃ বারী, মোঃ শাহজাহান, মোঃ হুমায়ুন কবির মোল্লা, জাকির হোসেন আল আমিন, নিখিল চন্দ্র ঘরামী, জাকিয়া আক্তার, জাকিয়া সুলতানা ও নাহিদ আক্তার খুশি এবং সদস্য সচিব বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোশাররফ হোসেন।
পুনরায় দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সভাপতি শান্তা মনি বলেন, “আমাকে দ্বিতীয়বারের মতো এই দায়িত্ব দেওয়ায় আমি উপজেলা প্রশাসন, কমিটির সকল সদস্য, শিক্ষক ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। বিগত মেয়াদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমার মূল লক্ষ্য হবে শিক্ষার গুণগত মান উন্নত করা, ঝরে পড়া রোধ করা এবং শিশুদের জন্য একটি আনন্দঘন পরিবেশ তৈরি করা। বিদ্যালয়টিকে উপজেলার একটি মডেল বিদ্যালয়ে রূপান্তর করতে আমি সবার সহযোগিতা কামনা করছি।”
এদিকে শান্তা মনি পুনরায় সভাপতি নির্বাচিত হওয়ায় এবং একটি গতিশীল পূর্ণাঙ্গ কমিটি গঠিত হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সুধীসমাজ নবগঠিত কমিটিকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
