Saturday, August 8

ঢাবিতে ‘ফ্যাসিস্ট সরকার পতনে শিক্ষকদের ভূমিকা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে সুবিপ্রবি উপাচার্য

|| নিজস্ব প্রতিবেদক ||

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ঐতিহাসিক সিনেট ভবনে ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দল ও ইউট্যাব-এর যৌথ উদ্যোগে আয়োজিত “ফ্যাসিস্ট সরকার পতনে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ভূমিকা” শীর্ষক আলোচনা সভায় অংশগ্রহণ করেছেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. জাকির হুসাইন। ‘জুলাই-গণঅভ্যুত্থান ২০২৪’-এর দুই বছর পূর্তি উপলক্ষে আজ শনিবার (৮ আগস্ট) সকালে এই বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় শিক্ষাবিদ, শিক্ষক নেতা ও বুদ্ধিজীবীদের উপস্থিতিতে জাতীয় বিভিন্ন সংকট ও গুরুত্বপূর্ণ প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ঐতিহাসিক ভূমিকা তুলে ধরা হয়। আলোচনায় গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা, উচ্চশিক্ষার গুণগত বিকাশ এবং বৈষম্যহীন সমাজ গঠনে শিক্ষক সমাজের দায়িত্ব ও করণীয় নিয়ে গভীর মতবিনিময় অনুষ্ঠিত হয়।

সভায় সুবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. মো. জাকির হুসাইন দেশের উচ্চশিক্ষার টেকসই উন্নয়ন, শিক্ষাঙ্গনে মুক্তচিন্তা চর্চা এবং শিক্ষক সমাজের সম্মান ও মর্যাদা অক্ষুণ্ণ রাখার ওপর গুরুত্বারোপ করেন। দেশের যেকোনো গণতান্ত্রিক ও জাতীয় অগ্রযাত্রায় শিক্ষক সমাজকে অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান জানিয়ে তিনি সমাজ নির্মাণে বিশ্ববিদ্যালয়গুলোর দায়িত্বশীল ভূমিকার প্রতি নিজের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব সালাহউদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জনাব রুহুল কবির রিজভী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের আহ্বায়ক ও ইউট্যাব মহাসচিব অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খানসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *