
|| নিজস্ব প্রতিবেদক ||
জুলাই গণঅভ্যুত্থানের চেতনা লালন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (সুবিপ্রবি) একটি বিশ্বমানের উচ্চশিক্ষা ও আধুনিক গবেষণা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রথিতযশা শিক্ষাবিদ অধ্যাপক ড. মো. জাকির হুসাইন।
বুধবার (৫ আগস্ট) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সুনামগঞ্জের আব্দুল মজিদ কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ভিসি অধ্যাপক ড. মো. জাকির হুসাইন বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের মূল শিক্ষা হলো একটি ঐক্যবদ্ধ জাতি গঠন করা। ছাত্র-জনতা সকলে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে শরিক হয়েছিল বলেই ফ্যাসিবাদের বিদায় নিশ্চিত হয়েছে। আমাদের নিজেদের মধ্যে বিরোধ বা দুর্বলতার সুযোগে যাতে ফ্যাসিবাদের দোসররা মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে।”
তিনি আরও বলেন, জুলাইয়ের বীরত্বপূর্ণ চেতনাকে হৃদয়ে ধারণ করে নতুন এই বিশ্ববিদ্যালয়কে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিতে চাই। গড়ে তুলতে চাই একটি মডেল বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানটিকে আন্তর্জাতিক মানের গবেষণা ও শিক্ষার কেন্দ্রে পরিণত করতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. হারুন-অর-রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথিবৃন্দ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের রুহের মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
