
|| সারোয়ার হোসেন অপু | জেলা প্রতিনিধি (নওগাঁ) ||
নওগাঁর বদলগাছীতে এক ৫ম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ, স্কুলে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে ক্ষুব্ধ এলাকাবাসী ও শিক্ষার্থীরা।
জানা যায়, গত সোমবার (৩ আগস্ট) ভারী বর্ষণের কারণে কোলা ইউনিয়নের ভান্ডারপুর আলফা কে-জি স্কুলে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল না বললেই চলে। এ সুযোগে স্কুলের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম দিপু এক ৫ম শ্রেণির শিক্ষার্থীকে একাকী পেয়ে ধর্ষণের চেষ্টা চালান বলে অভিযোগ ওঠে। ভুক্তভোগী শিক্ষার্থী বাড়ি ফিরে বিষয়টি অভিভাবকদের জানালে ঘটনাটি দ্রুত এলাকায় জানাজানি হয়।
এ ঘটনার জেরে মঙ্গলবার (৪ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উত্তেজিত জনতা ও একাধিক স্কুলের শিক্ষার্থীরা বিদ্যালয় ঘেরাও করে মানববন্ধন করে। একপর্যায়ে ক্ষুব্ধ এলাকাবাসী বিদ্যালয়ের অফিসে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীর অভিযোগ, ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে পূর্বেও একাধিক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ ছিল এবং তাকে সতর্ক করা হয়েছিল। এছাড়া স্থানীয় কাজী হিসেবে টাকার বিনিময়ে বাল্যবিয়ে সম্পাদন ও কাবিননামায় জালিয়াতির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। ভুক্তভোগী শিক্ষার্থীর মা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
অভিযোগের বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমিরুল ইসলাম মুঠোফোন রিসিভ করেননি। অন্যদিকে অভিযুক্ত প্রধান শিক্ষক শফিউল আলম দিপুর বক্তব্য পাওয়া যায়নি।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী পরিবারকে লিখিত মামলা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে; মামলা দায়ের হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
