
অধ্যাপক মাওলানা মুহাম্মাদ এরশাদ উল্যাহ ভূঁইয়া
আই আর টি এ প্রতিষ্ঠা:
মাদ্রাসা আলিয়ার ছাত্র সংসদ নির্বাচনের পর জমিয়াতে তালাবায়ে আরাবিয়ার কেন্দ্রীয় অফিস মাদ্রাসায় আলিয়ার হলে থাকার সুযোগ ছিল না। জমিয়তে তলাবায়ে আরাবিয়ার জন্য একটি অফিস জরুরি ভিত্তিতে প্রয়োজন হয়ে পড়ে।
ইসলামী রাজনীতি ও নেতৃত্বের দিন দিন যে অবস্থা পরিলক্ষিত হচ্ছিল, তাতে যোগ্য আলেমদেরকে নেতৃত্বে না আনলে ইসলামী রাজনীতি নেতৃত্ব শূন্য হয়ে যেতে পারে। এ চিন্তার প্রেক্ষিতে মওলানা মুহাম্মদ আবদুর রহীম (রহ.) এবং ব্যারিস্টার কোরবান আলী চিন্তা করলেন এর ধারাবাহিকতা রক্ষা করতে হলে একটি জেনারেশনকে বিশেষ করে মাদ্রাসায় শিক্ষায় অধ্যয়নরত ছাত্রদেরকে, যারা ভবিষ্যতে এদেশে ইসলামী আন্দোলনের নেতৃত্ব দিতে পারে। তাদের থেকে একটি অংশকে গঠনমূলক নেতৃত্বের যোগ্যতা অর্জন এর লক্ষ্যে প্রশিক্ষণ দিয়ে গড়ে তুলতে হবে। এই চিন্তা থেকে আই আর টি এ গঠন করা হয়।
আই আর টি এ এর জন্য একটি অফিসের ব্যবস্থা করা হয়। প্রথমত সে অফিসটি ছিল ধানমন্ডিতে। তখন জমিয়তে তালাবায়ে আরাবিয়ার কেন্দ্রীয় অফিস মাদ্রাসায় আলিয়া থেকে ধানমন্ডি আই আর টি এ এর অফিসে স্থানান্তর করা হয়।
তখন থেকে আই আর টি এর লক্ষ্য ও উদ্দেশ্য মোতাবেক বাংলাদেশ জামিয়াতে তালাবায়ে আরাবিয়ার ছাত্রদেরকে সেখানে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। ক্রমান্বয়ে সারা দেশ থেকে জমিয়তে তালাবার প্রতিনিধিদেরকে প্রশিক্ষণের জন্য ডাকা হতো। এ প্রশিক্ষণে বিশেষ করে মওলানা মুহাম্মদ আবদুর রহীম ছাত্রদেরকে দরসে কোরআন এবং বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিতেন। আমি নিজেই এ প্রশিক্ষণে অংশগ্রহণ করি। এই প্রশিক্ষণে তালাবায়ে আরাবিয়ার থেকে একটি বিরাট অংশ প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে নেতৃত্বের গুণাবলী অর্জন করতে সুযোগ পেয়েছিল। যারা আজ বিক্ষিপ্তভাবে বিভিন্ন স্থানে যার যার অবস্থান থেকে যোগ্যতার সাথে ব্যবসা বাণিজ্য চাকরি-বাকরি বা রাজনীতিতে নেতৃত্ব দিচ্ছেন। (চলবে ইনশাল্লাহ)
লেখক: কেন্দ্রীয় আমীর, ইসলামী ঐক্য আন্দোলন।
