Tuesday, August 4

ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে জামায়াত: নুরুল হক নুর

|| আলোকিত দৈনিক ডেস্ক ||

বাংলাদেশ জামায়াতে ইসলামী ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে বলে মন্তব্য করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

সোমবার (৩ আগস্ট) ঢাকা কলেজের শহীদ আ ন ম নজীব উদ্দিন খান খুররম মিলনায়তনে শাখা ছাত্র অধিকার পরিষদ আয়োজিত ‘অগ্নিঝরা জুলাই, সংগ্রামের সুর’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, “ইসলামের ঠিকাদার কি জামায়াতে ইসলামী? না। বরং ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে জামায়াত। এখন সরকারের নীতি নির্ধারণী বা জোটে থাকা ব্যক্তিদের নামে নানা ধরনের প্রোপাগান্ডা, ভিডিও ও ফটোকার্ড তৈরি করা হচ্ছে।”

বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নুর বলেন, “১৭ বছরের ফ্যাসিবাদের পতনের পর জনগণ এখন কোনো আন্দোলন-সংগ্রাম পছন্দ করছে না। মাত্র ৬ মাসও পূর্ণ হয়নি, এর মধ্যেই সরকারবিরোধী আন্দোলনের ডাক দেওয়া হচ্ছে। এই মুহূর্তে বাংলাদেশের মতো ভূ-রাজনৈতিক সংকটে দেশকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে বিএনপি সরকার ছাড়া বিকল্প নেই।”

বক্তব্যে এনসিপি-র তীব্র সমালোচনা করে তিনি অভিযোগ করেন, “এনসিপি বর্তমানে রাজনীতিতে বিষ ফোঁড়ায় পরিণত হয়েছে। তারা নিজস্ব শক্তিতে রাজনীতি করছে না। আন্দোলনের শেষ মুহূর্তে একটি বিদেশি গোষ্ঠী তাদের ওপর ভর করেছে। অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে সরকারকে জিম্মি করার এই বিষ ফোঁড়ার ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *