Monday, August 3

নাগেশ্বরীর নারায়ণপুর চরাঞ্চলের নারীদের হস্তশিল্প প্রশিক্ষণের উদ্বোধন

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার দুর্গম ও চরাঞ্চল নারায়ণপুর ইউনিয়নের অসহায় ও অস্বচ্ছল নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে হস্তশিল্প, নকশিকাঁথা ও এমব্রয়ডারি বিষয়ক মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) দুপুরে নারায়ণপুর ইউনিয়নের ঢাকডহর এহছাকিয়া মাদ্রাসা প্রাঙ্গণে কুড়িগ্রাম জেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অর্থায়নে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।

কুড়িগ্রাম জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “চরাঞ্চলের নারীরা প্রতিনিয়ত নানা প্রাকৃতিক প্রতিকূলতার মুখোমুখি হন। তাদের হাতের কাজকে সঠিক প্রশিক্ষণ ও দক্ষতায় রূপান্তর করতে পারলে তারা নিজেদের পরিবারের স্বচ্ছলতা ফেরানোর পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ। তিনি জানান, প্রথম পর্যায়ে চরাঞ্চলের ২৫ জন বাছাইকৃত নারীকে এই প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে। প্রশিক্ষণ শেষে তারা হস্তশিল্প, নকশিকাঁথা ও এমব্রয়ডারি তৈরির বিষয়ে কারিগরি দক্ষতা অর্জন করবেন, যা তাদের ঘরে বসেই আয়ের সুযোগ করে দেবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ফিরুজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক কুদরত-ই-খুদা, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ আজাহারুল ইসলাম, নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমানসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রশিক্ষণে অংশ নেওয়া নারীরা জানান, দুর্গম চরাঞ্চলে বসে এমন হস্তশিল্প প্রশিক্ষণের সুযোগ পেয়ে তারা আনন্দিত। অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে ভবিষ্যতে নিজেরা আয় করে সংসারের পাশে দাঁড়ানোর প্রত্যাশা প্রকাশ করেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *