Monday, August 3

আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে ৩৮ নিবন্ধিত রাজনৈতিক দল: ইসি সচিব

|| নিজস্ব প্রতিবেদক ||

বিগত পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে বিএনপি ও জামায়াতসহ ৩৮টি নিবন্ধিত রাজনৈতিক দল। নির্ধারিত সময়ের মধ্যে দলগুলোর বার্ষিক হিসাব বা অডিট রিপোর্ট জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ইসি সচিব আখতার আহমেদ।

সোমবার (৩ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

ইসি সচিব বলেন, বর্তমানে দেশে মোট ৫৯টি নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে, যার মধ্যে একটি দলের কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। বাকি ৫৮টি সক্রিয় দলের মধ্যে ৩৮টি দল যথাসময়ে তাদের আয়-ব্যয়ের হিসাব দাখিল করেছে।

তিনি আরও জানান, নির্ধারিত সময়ের মধ্যে ১৩টি দল হিসাব জমা দেওয়ার জন্য সময় বাড়ানোর আবেদন করেছে। তবে অবশিষ্ট ৮টি দল নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করেনি।

আইন অনুযায়ী সময়সীমার মধ্যে কোনো যোগাযোগ বা সাড়া না দেওয়া দলগুলোকে দ্রুতই কারণ দর্শানোর নোটিশ পাঠানো হবে বলে হুঁশিয়ারি দেন ইসি সচিব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *