Sunday, August 2

মুক্তির আগেই ‘কিং’-এর মিউজিক রাইটস নিয়ে বড় গুঞ্জনে বলিউড

|| বিনোদন ডেস্ক ||

দর্শকদের অপেক্ষার প্রহর বাড়িয়ে ২০২৩ সালের টানা তিন ব্লকবাস্টার হিট—’পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডাঙ্কি’র পর আগামী ডিসেম্বরে মুক্তি পেতে যাচ্ছে শাহরুখ খানের নতুন সিনেমা ‘কিং’। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত বহুল প্রতীক্ষিত এই সিনেমাটি নিয়ে ইতোমধ্যেই রুপালী জগতে ব্যাপক উন্মাদনা সৃষ্টি হয়েছে। তবে এবার সিনেমাটি শিরোনামে এসেছে মুক্তির আগেই মিউজিক রাইটস বিক্রির মোটা অঙ্কের প্রস্তাব ঘিরে।

ইন্ডিয়ান মিডিয়ার বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, জিস প্রডাকশন বা সংশ্লিষ্ট কোনো পক্ষ এখনো আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও সিনেমাটির গান ও সুরের স্বত্ব বা মিউজিক রাইটস কিনতে প্রায় ৫০ কোটি রুপির বিশাল প্রস্তাব নিয়ে দরকষাকষি করছে নামীদামী মিউজিক লেবেলগুলো।

বিষয়টি নিয়ে সম্প্রতি কথা বলেছেন জি এন্টারটেইনমেন্টের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা পুনিত গোয়েঙ্কা। এক সাক্ষাৎকারে তিনি জানান, মিউজিক রাইটস কেনা নিয়ে তাদের আলোচনা চলছে, তবে এখনো কোনো চুক্তি চূড়ান্ত হয়নি। চুক্তির আর্থিক অঙ্কের বিষয়টিও এ মুহূর্তে স্পষ্ট করতে চাননি তিনি।

বলিউডে সাম্প্রতিক সময়ে বড় বাজেটের বেশ কিছু সিনেমার মিউজিক রাইটস আকাশছোঁয়া মূল্যে বিক্রি হতে দেখা গেছে। এর আগে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ এবং ‘পুষ্পা ২’-এর সঙ্গীত স্বত্ব বিক্রি হয়েছিল প্রায় ৫০ থেকে ৫৪ কোটি রুপিতে। অপরদিকে, রণবীর কাপুরের আপকামিং ‘রামায়ণ’ সিনেমার দুই পর্বের মিউজিক রাইটস টি-সিরিজ রেকর্ড ৭৫ কোটি রুপিতে কিনে নিয়েছে বলে খবরে প্রকাশ।

শাহরুখের ‘কিং’ সিনেমায় সঙ্গীত পরিচালনায় রয়েছেন শচীন-জিগার এবং ব্যাকগ্রাউন্ড স্কোরে কাজ করছেন অণিরুদ্ধ রবিচন্দর। ২০২৩ সালে বক্স অফিসে রাজত্ব করার পর এটিই হবে পর্দায় শাহরুখ খানের পরবর্তী বড় কামব্যাক। ফলে সিনেমাটি মুক্তির আগেই এমন রেকর্ড মূল্যের চুক্তি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও বলিপাড়ায় জোর আলোচনা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *