Thursday, July 30

ইবির শাহ আজিজুর রহমান হলের পুকুর থেকে মুমূর্ষু শিক্ষার্থী উদ্ধার

|| এস এম রেদোয়ানুল হাসান | ইবি প্রতিনিধি ||

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাহ আজিজুর রহমান হলের পুকুর থেকে ইয়াসির নামের এক শিক্ষার্থীকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বুধবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃষ্টির মধ্যে ফুটবল খেলা শেষে তিন বন্ধু পুকুরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সাঁতার কেটে যাওয়ার চেষ্টা করেন। অন্য দুই বন্ধু ওপারে পৌঁছালেও শেষ প্রান্তে এসে শক্তি হারিয়ে পানির নিচে তলিয়ে যেতে থাকেন ইয়াসির। দুই বন্ধুর চিৎকারে আশেপাশের অন্য শিক্ষার্থীরা এসে রশি দিয়ে টেনে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ইবি মেডিকেল সেন্টারে নিয়ে যান।

ইবি মেডিকেল সেন্টারের চিকিৎসক ডা. জাকিয়া জানান, ইয়াসিরকে যখন আনা হয়, তখন সে সম্পূর্ণ অজ্ঞান ছিল। প্রাথমিক চিকিৎসায় পেটে চাপ দিয়ে পানি বের করার পর তার জ্ঞান ফিরে আসে। তবে উন্নত যন্ত্রপাতি না থাকা এবং শ্বাসকষ্ট হওয়ায় আশঙ্কামুক্ত অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ১৭ জুলাই এই শাহ আজিজুর রহমান হলের পুকুর থেকেই আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর মরদেহ উদ্ধার করা হয়েছিল। ওই দুর্ঘটনার পর থেকেই বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে উক্ত পুকুরে নামার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *