
|| আন্তর্জাতিক ডেস্ক ||
ভারতের আসামে বন্যা পরিস্থিতি চরম সংকটজনক রূপ নিয়েছে। রাজ্যটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে, যার মধ্যে কেবল গত ২৪ ঘণ্টাতেই প্রাণ হারিয়েছেন ২১ জন।
আসাম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এএসডিএমএ) তথ্যমতে, রাজ্যের ১৬টি জেলায় বর্তমানে ৫ লাখ ৬৪ হাজারের বেশি মানুষ পানিবন্দী ও ক্ষতিগ্রস্ত হয়েছেন। বন্যার পানিতে ডুবে গেছে প্রায় ২৪ হাজার ২১০ হেক্টর ফসলি জমি এবং ৪৪টি রাজস্ব সার্কেলের অধীন ৮৭২টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে।
উপদ্রুত এলাকাগুলোতে স্থানীয় প্রশাসনের খোলা ২৭৩টি ত্রাণ শিবিরে বর্তমানে ১ লাখ ১৪ হাজারের বেশি দুর্গত মানুষ আশ্রয় নিয়েছেন। সেনাবাহিনী, বিমান বাহিনী, এনডিআরএফ, এসডিআরএফ, পুলিশ সদস্য এবং স্থানীয় প্রশাসন যৌথভাবে উদ্ধার ও ত্রাণ তৎপরতা চালিয়ে যাচ্ছে।
দুর্যোগময় পরিস্থিতির মধ্যে জোড়হাটসহ বিভিন্ন বন্যাকবলিত অঞ্চল থেকে ডুবন্ত ঘরবাড়ির ছাদ ও তীব্র স্রোত থেকে বাসিন্দাদের উদ্ধার করা হচ্ছে। নদীর ঠাণ্ডা পানিতে দীর্ঘদিন আটকে থাকায় তীব্র হাইপোথার্মিয়ায় আক্রান্ত বেশ কয়েকজনকে সংকটজনক অবস্থায় উদ্ধার করে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
এদিকে বন্যা পরিস্থিতি ও ত্রাণ কার্যক্রম পরিদর্শনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে পরিদর্শনে যাচ্ছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সামাজিক মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া বার্তায় তিনি জানান, উজান এলাকায় মেঘভাঙা বৃষ্টির কারণে এই বন্যা চরম দুর্ভোগ ডেকে এনেছে। তিনি চরাইদেও, নাজিরা, শিবসাগর, সোনাড়ি, জোড়হাট ও টিয়কের বন্যা দুর্গত এলাকা ও ত্রাণ শিবিরগুলো পরিদর্শন করে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন।
তথ্যসূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস
