
|| এস এম রেদোয়ানুল হাসান | ইবি প্রতিনিধি ||
বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ রবিবার (১৯ জুলাই) সকালে উপাচার্যের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. এম. ইয়াকুব আলী, ট্রেজারার প্রফেসর ড. জাহাঙ্গীর আলম, বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া ইবি শাখার সভাপতি এস এম শামীম, সাবেক সভাপতি মো. মাহমুদুল হাসান, সাবেক সহ-সভাপতি সাজ্জাতুল্লাহ শেখ ও সেক্রেটারি খন্দকার আরিফসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সংগঠনের ইবি শাখা সভাপতি এস এম শামীমের নেতৃত্বে সৌজন্য সাক্ষাৎকালে নেতৃবৃন্দ উপাচার্যের নিকট বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্ট ৪টি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো—
১. শহীদ সাজিদ আব্দুল্লাহ হত্যাকাণ্ডের বিচার কার্যক্রম দ্রুত সম্পন্ন করা।
২. শিক্ষক আসমা সাদিয়া রুনার হত্যাকাণ্ডের বিচার কার্যক্রম নিশ্চিত করা।
৩. ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্বপ্নদ্রষ্টা মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী-এর নামে একটি হলের নামকরণ করা।
৪. মাওলানা আকরাম খাঁ-এর নামে একটি একাডেমিক ভবনের নামকরণ করা।
এ সময় উপাচার্য নেতৃবৃন্দের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং উত্থাপিত বিষয়গুলো বাস্তবায়নের লক্ষ্যে তাঁর পক্ষ থেকে সর্বোচ্চ আন্তরিক প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে আশ্বাস প্রদান করেন।
