রবিবার, জুলাই ১২

বিশ্ব রোবোটিক্স প্রতিযোগিতায় ইউআইইউ রেসকিউ রোভার টিমের সাফল্য

|| নিজস্ব প্রতিবেদক ||

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ‘রোবোকাপ রেসকিউ লিগ ২০২৬’-এ প্রথমবার অংশগ্রহণ করেই গৌরবময় সাফল্য অর্জন করেছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) রেসকিউ রোভার টিম (ইউআরআরটি)। গত ২ থেকে ৬ জুলাই দক্ষিণ কোরিয়ার ইনচনে কোরিয়া অ্যাসোসিয়েশন অব এআই রোবট ইন্ডাস্ট্রি (কেএআর) এবং ইনচন টেকনোপার্কের (আইটিপি) যৌথ আয়োজনে এই আন্তর্জাতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ইউআইইউর সেন্টার ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড রোবোটিক্সের (সিএআইআর) অধীনে পরিচালিত এই দলটির বৈশ্বিক অর্জন বাংলাদেশের রোবোটিক্স প্রযুক্তির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

প্রথমবারের মতো এই প্রতিযোগিতায় অংশ নিয়ে ইউআইইউ রেসকিউ রোভার টিম একাধিক ক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রেখেছে। বিশ্বব্যাপী অংশগ্রহণকারী নবাগত ৯টি দলের মধ্যে তারা ৩য় স্থান অর্জন করেছে। এছাড়া ট্র্যাকড রোবট ক্যাটাগরিতে ১১তম এবং বিশ্বের ২৭টি আন্তর্জাতিক দলের মধ্যে সামগ্রিক র‍্যাংকিংয়ে ১৫তম স্থান লাভ করে দেশের জন্য সম্মান বয়ে এনেছে। এবারের আসরে জার্মানি, জাপান, অস্ট্রিয়া, যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, ইতালি, মেক্সিকো, চীন ও থাইল্যান্ডসহ বিশ্বের বিভিন্ন দেশের স্বনামধন্য ও শীর্ষস্থানীয় রেসকিউ রোবোটিক্স দল প্রতিদ্বন্দ্বিতা করে।

দলের এই অনন্য অর্জনে আরও একটি গৌরবময় অধ্যায় যুক্ত করেছেন ইউআইইউ রেসকিউ রোভার টিমের সদস্য নাজমুল হাসান আথিন। তিনি প্রতিযোগিতার প্লেনারি রাউন্ডে আন্তর্জাতিক বিচারক হিসেবে দায়িত্ব পালনের বিরল সম্মান লাভ করেন। বিশ্বের শীর্ষস্থানীয় রেসকিউ রোবোটিক্স গবেষক ও বিশেষজ্ঞদের সঙ্গে তাঁর এই কাজ করার সুযোগ আন্তর্জাতিক অঙ্গনে দলটির কারিগরি সক্ষমতা ও গ্রহণযোগ্যতারই বড় স্বীকৃতি।

টিমের সদস্যরা জানান, তাঁদের মূল লক্ষ্য কেবল প্রতিযোগিতায় ভালো অবস্থান অর্জন করা ছিল না, বরং বিশ্বের সেরা রেসকিউ রোবোটিক্স বিশেষজ্ঞদের কাছ থেকে শেখা, আন্তর্জাতিক মানদণ্ডে নিজেদের প্রযুক্তিকে যাচাই করা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও উন্নত ও বুদ্ধিমান রেসকিউ রোবট তৈরির অভিজ্ঞতা অর্জন করা। এই আন্তর্জাতিক সাফল্যের জন্য তাঁরা বিশ্ববিদ্যালয়ের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি উপদেষ্টা, শিক্ষক-শিক্ষার্থী, পৃষ্ঠপোষক ও শুভানুধ্যায়ীদের অব্যাহত সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। রোবোকাপ রেসকিউ লিগে এই সফল অভিষেক বাংলাদেশের রোবোটিক্স গবেষণা, উদ্ভাবন এবং দুর্যোগ-প্রতিক্রিয়া প্রযুক্তির বিকাশে এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *