
|| বদরুদ্দোজা বুলু | চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||
কুড়িগ্রামের চিলমারীতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তার ভুয়া সিল ও স্বাক্ষর জালিয়াতির দায়ে মো. আবু সাঈদ (২৮) নামের এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (১ জুলাই) দুপুর ১টার দিকে চিলমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসের সামনের একটি কম্পিউটার ও ফটোকপির দোকানে অভিযান চালিয়ে এই দণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চিলমারী উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান। দণ্ডপ্রাপ্ত আবু সাঈদ উপজেলার রমনা ইউনিয়নের খন্দকার পাড়া এলাকার মৃত হযরত আলীর ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে চিলমারী এসি ল্যান্ড অফিসের সামনে কম্পিউটার ও ফটোকপির দোকানের আড়ালে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তার নাম সম্বলিত ভুয়া সিল ও স্বাক্ষর জাল করে অবৈধভাবে ব্যবসা চালিয়ে আসছিলেন আবু সাঈদ। গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে সেখানে অভিযান চালানো হয়। অপরাধের সত্যতা মেলায় ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩’-এর ৫(১)-খ এবং ৫(২) ধারা অনুযায়ী তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
আইনজীবীদের মতে, এই ধরনের কর্মকাণ্ড আইনি ভাষায় গুরুতর ফৌজদারি অপরাধ, যা জালিয়াতি (Forgery) এবং প্রতারণা (Cheating) হিসেবে গণ্য হয়। দণ্ডবিধি অনুযায়ী, প্রতারণার উদ্দেশ্যে জালিয়াতি করলে সর্বোচ্চ ৭ বছর কারাদণ্ড এবং জাল সিল তৈরি বা দখলে রাখলে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রয়েছে। এমনকি জাল সিল নিজেরা তৈরি না করে জেনেবুঝে ব্যবসার কাজে আসল হিসেবে ব্যবহার করলেও সমপরিমাণ শাস্তির নিয়ম রয়েছে।
প্রশাসন ও সচেতন মহলের পক্ষ থেকে এ ধরনের অবৈধ জালিয়াতি চক্রের বিরুদ্ধে সকলকে সতর্ক থাকার এবং আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
