সোমবার, জুন ২২

নৌবাহিনীতে কমিশন পেলেন কুড়িগ্রামের আরশী, জিতলেন সেরা নারীর পদক

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কৃতি সন্তান আরশী মুমতাহানাহ বাংলাদেশ নৌবাহিনীতে সাব-লেফটেন্যান্ট পদে কমিশন লাভ করেছেন। একই সঙ্গে তিনি কমিশনপ্রাপ্ত ৬১ জন কর্মকর্তার মধ্যে ‘বেস্ট ফিমেল মিডশিপম্যান’ পদক অর্জন করে নাগেশ্বরীসহ সমগ্র কুড়িগ্রাম জেলার জন্য অনন্য সম্মান ও গৌরব বয়ে এনেছেন।

শনিবার (২০ জুন) বাংলাদেশ নেভাল একাডেমি (বিএনএ)-তে ২৩বি ব্যাচের লং কোর্সের ‘রাষ্ট্রপতি কুচকাওয়াজ’ অনুষ্ঠিত হয়। বর্ণাঢ্য এ আয়োজনে আরশী মুমতাহানাহকে আনুষ্ঠানিকভাবে সাব-লেফটেন্যান্ট পদে কমিশন প্রদান করা হয়। এ সময় তাঁর কাঁধে অফিসার র্যাঙ্কের ‘এপুলেট’ পরিয়ে দেন বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মো. নাজমুল হাসানের সহধর্মিণী এবং আরশীর বাবা-মা।

নাগেশ্বরীর বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিত্ব আলহাজ্ব হারিসুল বারি রনি এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নুশরাত দম্পতির মেয়ে আরশী। তিনি প্রশিক্ষণকালীন অসাধারণ মেধা, নেতৃত্বগুণ ও পেশাগত দক্ষতার স্বীকৃতি হিসেবে এই ‘বেস্ট ফিমেল মিডশিপম্যান’ পদক অর্জন করেন। এই সম্মাননা তাঁর কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও যোগ্যতার এক উজ্জ্বল স্বীকৃতি।

জানা গেছে, আরশী মুমতাহানাহ ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজের সাবেক শিক্ষার্থী। তাঁর এই গৌরবময় সাফল্যে পরিবার, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী এবং নাগেশ্বরীবাসীর মধ্যে আনন্দের বন্যা বইছে।

স্থানীয়রা মনে করছেন, দেশের সেবায় সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আরশী ভবিষ্যতে আরও সাফল্যের স্বাক্ষর রাখবেন এবং কুড়িগ্রাম ও নাগেশ্বরীর সুনাম জাতীয় পর্যায়ে আরও উজ্জ্বল করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *