বৃহস্পতিবার, জুন ১৮

নওগাঁয় ১৪২ লিটার চোলাইমদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

|| লিটন হোসেন | নিজস্ব প্রতিনিধ (নওগাঁ ও জয়পুরহাট) ||

নওগাঁর পত্নীতলায় অভিযান চালিয়ে ১৪২ লিটার চোলাইমদসহ রাম কুমার (৪০) নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৫।

গত মঙ্গলবার (১৬ জুন) বিকেলে উপজেলার উজিরপুর মিশন গ্রামস্থ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাম কুমার পত্নীতলা থানার মৃত জানকির ছেলে।

র‍্যাব জানায়, রাম কুমার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে অবৈধভাবে চোলাইমদ সংগ্রহ করে নওগাঁর বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী মূল্যে বিক্রি করে আসছিল। তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় বেশ কিছুদিন ধরে র‍্যাব-৫, সিপিসি-৩ এর একটি গোয়েন্দা দল তাকে নজরদারিতে রাখছিল।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ওইদিন বিকেল ৪টা ১৫ মিনিটে উজিরপুর মিশন গ্রাম এলাকায় অভিযান চালায় র‍্যাবের একটি আভিযানিক দল। অভিযানে রাম কুমারকে আটক করার পর উপস্থিত সাক্ষীদের সামনে তার কাছ থেকে ১৪২ লিটার অবৈধ চোলাইমদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় ৪২ হাজার ৬০০ টাকা।

র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামি অবৈধ মাদক বিক্রির উদ্দেশ্যে সেখানে অবস্থান করার কথা অকপটে স্বীকার করেছে।

এ বিষয়ে র‍্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী নওগাঁর পত্নীতলা থানায় একটি মামলা দায়ের করেছে এবং আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক কারবারি সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতেও র‍্যাবের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বলে জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *