বৃহস্পতিবার, জুন ১৮

জাতিসংঘে মানবিক সহায়তা ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের

|| আলোকিত দৈনিক ডেস্ক ||

বিশ্বব্যাপী ক্রমবর্ধমান মানবিক সংকট মোকাবিলায় সহায়তা জোরদার, বেসামরিক জনগণের সুরক্ষা নিশ্চিতকরণ এবং শান্তি প্রতিষ্ঠা কার্যক্রমে নারীদের অংশগ্রহণ আরও বৃদ্ধি করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। গতকাল বুধবার (১৭ জুন) জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের (ইকোসক) ২০২৬ সালের হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স সেগমেন্টে দেওয়া বক্তব্যে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এই আহ্বান জানান।

মানবিক নীতি ও মূল্যবোধের প্রতি বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সামাজিক সুরক্ষা কর্মসূচির সম্প্রসারণ, দুর্যোগ প্রস্তুতি জোরদার, নারীর ক্ষমতায়ন এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহায়তায় বিভিন্ন কার্যকর পদক্ষেপ পরিচালনা করছে। একই দিনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ‘নারী, শান্তি ও নিরাপত্তা’ (ডব্লিউপিএস) বিষয়ক উন্মুক্ত বিতর্কে অংশ নিয়ে তিনি সংঘাত প্রতিরোধ এবং সংঘাত-পরবর্তী পুনর্গঠনে নারীদের অপরিহার্য ভূমিকার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। এ সময় তিনি জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে নিয়োজিত বাংলাদেশি নারী শান্তিরক্ষীদের পেশাদারত্ব ও নেতৃত্বের প্রশংসা করেন।

বক্তব্যে প্রতিমন্ত্রী বিশ্বব্যাপী সংঘাতপূর্ণ অঞ্চলে নারী ও শিশুদের ক্রমবর্ধমান দুর্ভোগ এবং মানবিক সহায়তা কার্যক্রমে অর্থায়ন সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রাখার পাশাপাশি বাস্তুচ্যুত রোহিঙ্গাদের দ্রুত ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের আহ্বান জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কামরুল ইসলাম ভূঁইয়া জানান, নিউইয়র্কের স্থানীয় সময় আজ বৃহস্পতিবার ইকোসকের হাই-লেভেল প্যানেল ডিসকাশনে অংশ নেওয়ার পাশাপাশি জাতিসংঘ সদরদপ্তরে ইউএন উইমেনের আন্ডার-সেক্রেটারি-জেনারেল ও নির্বাহী পরিচালক সিমা বাহাউসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *