
|| আলোকিত দৈনিক ডেস্ক ||
সরকার ঘোষিত ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে দুর্নীতি সহায়ক ও শুভঙ্করের ফাঁকি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। বুধবার (১৭ জুন) বিকেলে রাজধানীর শেওড়াপাড়ায় স্থানীয় নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে একটি ফ্রি সেলাই প্রশিক্ষণ সেন্টার উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।
সেলিম উদ্দিন বলেন, ঘোষিত বাজেটে গরিব ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য কোনো সুখবর নেই। অথচ যারা ব্যাংক থেকে ঋণ নিয়ে তা পরিশোধ না করে অবৈধভাবে অগাধ সম্পদের মালিক হয়েছেন, তাদের কালো টাকা সাদা করার অবারিত সুযোগ দেওয়া হয়েছে। নামমাত্র কর দিয়ে জমি ও ফ্ল্যাট কেনার সুযোগ করে দিয়ে মূলত দুর্নীতি ও লাগামহীন লুটপাটকে পৃষ্ঠপোষকতা দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি আরও বলেন, সরকারের প্রস্তাবিত এই বাজেট পুরোপুরি ব্যাংক ঋণ নির্ভর। সরকার নিজেই যদি ব্যাংক খালি করে ফেলে, তবে নতুন উদ্যোক্তারা কোথায় যাবেন এবং কীভাবে আত্মকর্মসংস্থান সৃষ্টি হবে, তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন। বাস্তবতার নিরিখে এই বাজেট সংশোধন করে একটি গণমুখী বাজেট উপহার দেওয়ার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান, অন্যথায় জনগণ এই বাজেট প্রত্যাখ্যান করবে বলে হুঁশিয়ারি দেন।
বিরোধী দল হিসেবে সরকারের ভুলত্রুটি তুলে ধরাকে জাতীয় দায়িত্ব উল্লেখ করে জামায়াতের এই নেতা বলেন, দলটির মূল লক্ষ্য দেশকে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করা এবং সেই উদ্দেশ্যে তারা গণমানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। ন্যায় ও ইনসাফের সমাজ গঠনে তিনি রাজনৈতিক মতপার্থক্য ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। ঢাকা মহানগর উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মূসার সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
