
|| বিনোদন ডেস্ক ||
ছোট পর্দা ও ওটিটি প্ল্যাটফর্মের জনপ্রিয় অভিনেতা চাষী আলমের ঘরে এসেছে নতুন অতিথি। আবারও পুত্র সন্তানের বাবা হয়েছেন ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের ‘হাবু ভাই’ খ্যাত এই তারকা। আজ সোমবার (১৫ জুন) দুই ছেলে ও স্ত্রী তুলতুলের সঙ্গে তোলা একটি মিষ্টি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে এই আনন্দের খবরটি ভাগ করে নিয়েছেন তিনি।
ছবিটির ক্যাপশনে চাষী আলম লিখেছেন, ‘শ্রেষ্ঠ নিয়ামত।’ প্রিয় তারকার এই খুশির খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছার ঢল নেমেছে। নেটিজেনরা এই তারকা দম্পতি ও তাদের সন্তানদের সুস্থতা কামনা করে নানা ইতিবাচক মন্তব্য করছেন।
২০২৩ সালের ২৫ আগস্ট পারিবারিক আয়োজনে তুলতুলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন চাষী আলম। এরপর ২০২৪ সালের ১০ জুলাই তাদের কোল আলো করে আসে প্রথম পুত্র সন্তান। এবার দ্বিতীয় সন্তানের আগমনে এই দম্পতির সংসার যেন পূর্ণতা পেল। নির্মাতা কাজল আরেফিন অমি পরিচালিত তুমুল জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ অভিনয় করে ব্যাপক তারকাখ্যাতি পাওয়া চাষী আলম বর্তমানে নিয়মিত অভিনয় করে দর্শকদের বিনোদিত করে যাচ্ছেন।
