
|| নিজস্ব প্রতিবেদক ||
সরকার কর্তৃক আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী ঐক্য আন্দোলন। সোমবার (১৫ জুন) রাজধানীর পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক যৌথ বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মাদ এরশাদ উল্যাহ ভূঁইয়া ও সেক্রেটারি জেনারেল জনাব মোস্তফা তারেকুল হাসান এই প্রতিবাদ জানান।
যৌথ বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, আদ-দ্বীন হাসপাতাল দীর্ঘদিন ধরে দেশের সাধারণ ও নিম্নআয়ের মানুষকে অত্যন্ত সুলভ মূল্যে মানসম্মত চিকিৎসাসেবা দিয়ে আসছে। বিশেষ করে মা ও শিশু স্বাস্থ্য রক্ষায় এবং দরিদ্র রোগীদের সেবাদানে এই হাসপাতালের অবদান সর্বজনস্বীকৃত। এমন একটি সেবামূলক প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করার সিদ্ধান্ত চরম অনভিপ্রেত, গণবিরোধী এবং জনস্বার্থ পরিপন্থী।
করোনাকালীন ক্রান্তিলগ্ন থেকে শুরু করে দেশের যেকোনো চিকিৎসা সংকটে এই হাসপাতালটি প্রথম সারিতে থেকে অবদান রেখেছে। হঠাৎ করে কোনো যৌক্তিক কারণ ছাড়া হাসপাতালটির লাইসেন্স বাতিল করায় হাজার হাজার সাধারণ রোগী যেমন চরম ভোগান্তির মুখে পড়বেন, তেমনই প্রতিষ্ঠানটির সাথে জড়িত কর্মকর্তা ও কর্মচারীদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে।
নেতৃদ্বয় আরও বলেন, চিকিৎসাসেবা মানুষের মৌলিক অধিকার। স্বাস্থ্য খাতের অনিয়ম দূর করার নামে এমন একটি জনপ্রিয় ও প্রতিষ্ঠিত মানবিক সেবামূলক প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা সরকারকে অবিলম্বে এই আত্মঘাতী ও জনবিদ্বেষী সিদ্ধান্ত প্রত্যাহার করে আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স পুনর্বহাল করার জোর দাবি জানান।
