
|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||
খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, বিজ্ঞানমনস্ক ও উদ্ভাবনী চিন্তার শিক্ষার্থীরাই ভবিষ্যতের বাংলাদেশকে নেতৃত্ব দেবে। তাদের মেধা, সৃজনশীলতা ও গবেষণাধর্মী চিন্তার মাধ্যমেই দেশ আত্মনির্ভরতার পথে আরও এগিয়ে যাবে।
রবিবার (১৪ জুন) বিকেলে জেলা পর্যায়ের ‘স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
“মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ : সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যে খুলনা জেলা প্রশাসনের সহযোগিতায় এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন কেসিসি প্রশাসক।
নজরুল ইসলাম মঞ্জু বলেন, খুলনাকে একটি পরিচ্ছন্ন, সবুজ ও আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার পাশাপাশি দেশকে সার্বিকভাবে স্বনির্ভর করে তুলতে হবে। এ লক্ষ্যে বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প ও সৃজনশীল উপস্থাপনা দেখে মুগ্ধতার কথা জানিয়ে তিনি বলেন, পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হলে নতুন চিন্তা ও প্রযুক্তিগত দক্ষতার বিকাশ প্রয়োজন। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের উন্নত বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আশা প্রকাশ করেন, জেলা পর্যায়ে সাফল্য অর্জনকারী শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায়ও নিজেদের মেধা ও উদ্ভাবনী সক্ষমতার স্বাক্ষর রাখবে এবং দেশের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।
জেলা শিক্ষা কর্মকর্তা এস এম ছায়েদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, খুলনা অঞ্চলের পরিচালক অধ্যাপক ড. মো. আনিস-আর-রেজা, উপপরিচালক (কলেজ) ড. এস এম সাজ্জাদ হোসেন, উপপরিচালক (মাধ্যমিক) মো. কামরুজ্জামান এবং সহকারী পরিচালক (কলেজ) মো. এনামুল ইসলাম।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
