রবিবার, জুন ১৪

দেশের অর্থনীতি ও জনজীবন আজ গভীর চাপের মধ্যে: নাহিদ ইসলাম

|| নিজস্ব প্রতিবেদক ||

দেশের সামগ্রিক অর্থনীতি ও সাধারণ মানুষের জনজীবন আজ গভীর চাপের মধ্যে রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, বর্তমান সরকারের ঘোষিত বাজেট সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি সংকট ও জীবনযাত্রার লাগামহীন ব্যয় বেড়ে যাওয়ায় জনগণ চরম দুর্ভোগে থাকলেও বাজেটে তা মোকাবিলায় কার্যকর কোনো দিকনির্দেশনা নেই।

শনিবার (১৩ জুন) বিকেলে চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত এক বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়।

নাহিদ ইসলাম বলেন, মাত্র কয়েক মাসের ব্যবধানে দেশের মানুষের জীবনে যে তীব্র দুর্ভোগ নেমে এসেছে, তা সাধারণ জনগণকে চরম হতাশ ও ক্ষুব্ধ করে তুলেছে। অথচ সরকার জনগণের এই বাস্তব কষ্ট ও সংকট উপলব্ধি না করে উল্টো সমালোচনাকে উপহাসের চোখে দেখছে।

আর্থিক খাতের বিশৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিরোধীদলীয় চিফ হুইপ আরও বলেন, দেশের ব্যাংকিং খাত, আর্থিক প্রতিষ্ঠান ও রাষ্ট্রীয় সম্পদের সুশাসন নিশ্চিত করা এখন সময়ের দাবি। কোনো বিশেষ গোষ্ঠীর স্বার্থ রক্ষার জন্য জাতীয় সম্পদকে কোনোভাবেই ঝুঁকির মুখে ঠেলে দেওয়া যাবে না। একই সাথে জনগণের আমানত ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সম্পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহির ভিত্তিতে পরিচালনা করার জন্য তিনি সরকারের প্রতি জোর দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *