
|| আন্তর্জাতিক ডেস্ক ||
ইসরায়েলের ওপর ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলা সত্ত্বেও তেহরানের সঙ্গে একটি শান্তি চুক্তিতে পৌঁছানোর বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে ওয়াশিংটন যদি ইরানের সঙ্গে কোনো সমঝোতায় পৌঁছায়, তবে তা মেনে নেওয়া ছাড়া ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ‘কোনো বিকল্প নেই’।
ফাইনান্সিয়াল টাইমসকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, তেহরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ পদক্ষেপের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত তিনিই নিয়ে থাকেন, নেতানিয়াহু নন।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, এপ্রিলের শুরুতে হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর ট্রাম্পের এই চাঞ্চল্যকর বক্তব্য সামনে এলো। এছাড়া ফক্স নিউজ ও অ্যাক্সিওসকে দেওয়া পৃথক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, তিনি নেতানিয়াহুকে পাল্টা সামরিক পদক্ষেপ না নিয়ে আলোচনার টেবিলে ফেরার নির্দেশ দেবেন, যা ইসরায়েলি সামরিক বাহিনীর অবস্থানের সম্পূর্ণ বিপরীত।
একটি মার্কিন সূত্রের বরাত দিয়ে জানা গেছে, ট্রাম্প ফোনালাপে নেতানিয়াহুকে আপাতত অপেক্ষা করার নির্দেশ দিয়ে বলেছেন যে তারা একটি চুক্তির খুব কাছাকাছি রয়েছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী শুরুতে আপত্তি জানালেও পরবর্তীতে পরিস্থিতি শান্ত রাখার বিষয়ে কার্যত সম্মতি দিয়েছেন। ট্রাম্প জোর দিয়ে বলেন, ইসরায়েলের ওপর ইরানের এই হামলা মার্কিন-ইরান আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছানোর ইচ্ছায় কোনো পরিবর্তন আনবে না। তবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের মাধ্যমে শুরু হওয়া প্রথম দফার আলোচনার পর থেকে ট্রাম্পকে এবার কিছুটা কম আশাবাদী মনে হয়েছে। তিনি জানান, চুক্তিটি নিজস্ব যোগ্যতায় সফল হতেও পারে বা নাও হতে পারে, তবে সাম্প্রতিক হামলা মার্কিন সিদ্ধান্তে কোনো প্রভাব ফেলবে না।
