
|| আন্তর্জাতিক ডেস্ক ||
লেবাননে হামলার প্রতিবাদে ইসরায়েল অভিমুখে ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ এবং এর জবাবে ইসরায়েলের পাল্টা হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে নতুন করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এই ভূরাজনৈতিক অস্থিরতার সরাসরি প্রভাব পড়েছে বিশ্ব জ্বালানি বাজারে, যার ফলে সোমবার (৮ জুন) সকালে এশিয়ার বাজারে তেলের দাম আরও বৃদ্ধি পেয়েছে।
গত এপ্রিলে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইরান ও ইসরায়েলের মধ্যে একটি নাজুক যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন হয়েছিল। ওই চুক্তির পর এই প্রথম ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান। এর বিপরীতে ইসরায়েলও পাল্টা সামরিক পদক্ষেপ নেওয়ায় পুরো অঞ্চলজুড়ে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে।
এই সংঘাতের জেরে সোমবার সকালে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ২ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯৫ দশমিক ৫০ ডলারে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের দাম ২ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি ব্যারেল দাঁড়িয়েছে ৯২ দশমিক ৭৫ ডলারে। মূলত এপ্রিলের যুদ্ধবিরতির পর থেকেই আন্তর্জাতিক বাজারে তেলের দামে ব্যাপক ওঠানামা লক্ষ্য করা যাচ্ছিল, যার ধারাবাহিকতায় গত এক সপ্তাহ ধরে তেলের দাম ব্যারেল প্রতি ৯৫ ডলারের কাছাকাছি অবস্থান করছে।
এদিকে মধ্যপ্রাচ্যের এই চলমান সংঘাত বৈশ্বিক জ্বালানি সরবরাহব্যবস্থা এবং দীর্ঘমেয়াদি জ্বালানি প্রবাহে কী ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে, তা নিয়ে বিশ্বজুড়ে ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। সংশ্লিষ্ট মহল এখন বাজারের ভবিষ্যৎ পরিস্থিতি নিয়ে নতুন করে হিসাব-নিকাশ শুরু করেছেন।
