
|| আসাদুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (বেলকুচি, সিরাজগঞ্জ) ||
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মুকুন্দগাঁতীতে ঢাকাগামী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে দুটি বাস কাউন্টারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ রবিবার (৭ জুন) বেলা ২টা থেকে ৩টা পর্যন্ত মুকুন্দগাঁতী বাস কাউন্টারগুলোতে এই মোবাইল কোর্ট পরিচালনা করেন বেলকুচি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ইসরাত জাহান।
অভিযানকালে বেলকুচি থেকে ঢাকাগামী যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা আদায় করার সত্যতা পাওয়ায় ‘এসআই পরিবহন’ এবং ‘জেনিন পরিবহন’-এর কাউন্টারকে শাস্তির আওতায় আনা হয়। ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী কাউন্টার দুটির টিকিট মাস্টারকে পৃথক দুটি মামলায় ১০,০০০/- টাকা করে সর্বমোট ২০,০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনাকালে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিকভাবে উপস্থিত ভুক্তভোগী যাত্রীদের অতিরিক্ত নেওয়া টাকা কাউন্টার থেকে ফেরত দেওয়ার ব্যবস্থা করেন। একই সাথে কাউন্টারের দৃশ্যমান স্থানে ভাড়ার তালিকা বা চার্ট প্রদর্শন এবং ভবিষ্যতে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা না নেওয়ার জন্য কঠোর নির্দেশনা প্রদান করেন। জনস্বার্থে প্রশাসনের এমন জনবান্ধব ও তাৎক্ষণিক পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত সাধারণ যাত্রীরা।
