
|| আলোকিত দৈনিক ডেস্ক ||
দেশের সাধারণ মানুষের দোরগোড়ায় প্রাথমিক ও সার্বিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে সরকার। দেশের ভৌগোলিক ও সড়ক যোগাযোগ পরিস্থিতি বিবেচনা করে এবার দেশীয় প্রযুক্তিতে বিদ্যুৎচালিত (ইলেকট্রিক) অ্যাম্বুলেন্স তৈরির পরিকল্পনা করা হচ্ছে।
আজ শনিবার (৬ জুন) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে দেশীয় প্রযুক্তিতে অ্যাম্বুলেন্স তৈরি সংক্রান্ত একটি উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হয়। সভায় বিস্তারিত আলোচনা শেষে এই সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু জানান, সরকার জনগণের দোরগোড়ায় জরুরি চিকিৎসা ও অ্যাম্বুলেন্স সেবা নিশ্চিত করতে নিরলস কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসেবে এই উদ্যোগ। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, প্রথমে একটি উপজেলাকে মডেল বা পাইলট প্রকল্প হিসেবে ধরে এই বিশেষ অ্যাম্বুলেন্স তৈরির কাজ শুরু হবে। স্থানীয় পর্যায়ে তৈরি এই অ্যাম্বুলেন্সগুলোতে প্রয়োজনীয় আধুনিক চিকিৎসা সরঞ্জাম, অক্সিজেন সাপোর্ট এবং জরুরি সেবার সব ধরনের সুযোগ-সুবিধা যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, মূলত তিন পর্যায়ে সেবা দেওয়ার লক্ষ্য নিয়ে এই পরিবহনগুলোর ডিজাইন করা হবে। এর মধ্যে রয়েছে— গ্রাম থেকে উপজেলা, উপজেলা থেকে জেলা এবং জেলা থেকে রাজধানী পর্যন্ত রোগী পরিবহনের উপযোগী তিন ধরনের অ্যাম্বুলেন্স।
সরকারের এই দূরদর্শী উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে দেশে অ্যাম্বুলেন্সের অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি চিকিৎসা খাতে আমদানি নির্ভরতা অনেকাংশে কমে আসবে। একই সঙ্গে অত্যন্ত সাশ্রয়ী মূল্যে আধুনিক সুবিধাসম্পন্ন অ্যাম্বুলেন্স সরবরাহ করা সম্ভব হবে, যা দেশের সামগ্রিক জরুরি রোগী পরিবহন ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তন আনবে।
গুরুত্বপূর্ণ এই সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস, এম জিয়াউদ্দিন হায়দার এবং স্বাস্থ্যসেবা সচিব কামরুজ্জামান চৌধুরী। এছাড়া কারিগরি ও প্রযুক্তিগত দিক পর্যালোচনার জন্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক অধ্যাপক মুহাম্মদ এহসান, অধ্যাপক জিয়াউর রহমান, অধ্যাপক আবদুল সালাম আখন্দ ও অধ্যাপক জাহাঙ্গীর আলমসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নেন।
