শুক্রবার, জুন ৫

বেলকুচিতে সড়ক দুর্ঘটনা: বাসের ধাক্কায় অটোভ্যানের ৩ যাত্রী নিহত

|| আসাদুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (বেলকুচি, সিরাজগঞ্জ) ||

সিরাজগঞ্জের বেলকুচিতে ঢাকা এক্সপ্রেস পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোভ্যানের চালকসহ একই পরিবারের দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আজ শুক্রবার (৫ জুন) সকাল ৭টার দিকে বেলকুচি-এনায়েতপুর আঞ্চলিক সড়কের মেঘুল্লা বাসস্ট্যান্ড এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— উপজেলার জামতৈল গ্রামের অটোভ্যান চালক নূরুল ইসলাম (৩৫), আজুগড়া (হিজলতলা) গ্রামের আব্দুল মোত্তালেব (৪০) ও তার স্ত্রী ফজিলা খাতুন (৩৫)। এই ঘটনায় তাদের মেয়ে তামান্না খাতুন (১৬) গুরুতর আহত হয়েছে।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা ঢাকা এক্সপ্রেস পরিবহনের একটি যাত্রীবাহী বাস এনায়েতপুরের দিকে যাচ্ছিল। অপরদিকে, এনায়েতপুর থেকে বেলকুচিগামী একটি অটোভ্যান বিপরীত দিক থেকে আসছিল। পথিমধ্যে মেঘুল্লা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে চলন্ত অটোভ্যানটির এক্সেল হঠাৎ ভেঙে যায়। এতে ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে আচমকা সড়কের মাঝখানে চলে আসে। ঠিক সেই মুহূর্তে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির ঢাকা এক্সপ্রেস বাসটি অটোভ্যানটিকে সজোরে চাপা দেয়। বাসের ধাক্কায় অটোভ্যানটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ভ্যানে থাকা তিনজনের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর পরই স্থানীয় উৎসুক জনতা ও পথচারীরা ঘটনাস্থলে ভিড় করেন এবং পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিস ও থানা পুলিশ স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে। গুরুতর আহত তামান্না খাতুনকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তার চিকিৎসা চলছে। দুর্ঘটনার পর ওই সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হলেও পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হয়। বেলকুচি থানা পুলিশ জানিয়েছে, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *